ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার আবু সাঈদ (২৬) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। একই দিন নেত্রকোনার কেন্দুয়ায় লিজা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
তবে আবু সাঈদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভালুকায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভালুকা-থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘ক্রাউন সোয়েটার’ নামের এক কারখানার শ্রমিকবাহী বাসের চাপায় লাভিদ গার্মেন্টস নামের অপর এক কারখানার শ্রমিক আবু সাঈদ নিহত হন। আবু সাঈদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাভিদ গার্মেন্টসের শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে মাস্টারবাড়ি এলাকায় ওই মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। একপর্যায়ে অবরোধকে কেন্দ্র করে লাভিদ গার্মেন্টস ও ক্রাউন সোয়েটারের শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় কারখানার কয়েকজন শ্রমিক আহত হন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আবু সাঈদ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে স্কুলছাত্রী লিজার পরিবার ও কেন্দুয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের টেঙ্গুরী আমলিতলা এলাকায় গতকাল বেলা সাড়ে ১২টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা লিজাকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিজা উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে। সে স্থানীয় কাশেম খান উত্তর ছিলিমপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।