পোশাকশ্রমিকদের নিরাপত্তায় গুরুত্ব দিয়ে আজ কমপ্যাক্ট সভা
তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং অন্যায় শ্রমচর্চা বন্ধে কতটা অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনার জন্য আজ বৃহস্পতিবার অংশীদারদের নিয়ে আলোচনায় বসছে বাংলাদেশ। এ বৈঠকের অগ্রগতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) ফিরে পেতে সহায়ক হবে।
ইতিমধ্যে পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার এবং কারখানা পর্যায়ে ট্রেড ইউনিয়নের নিবন্ধনের সংখ্যা যথেষ্ট হলেও শ্রমিকনেতাদের বিরুদ্ধে মামলাসহ হয়রানি বন্ধ হয়নি। উন্নয়ন-সহযোগীদের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো এ নিয়ে বিভিন্ন সময় সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে।
পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ‘স্টেইং এনগেজড অ্যান্ড সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট উইথ বাংলাদেশ’ নামে পরিচিত চারপক্ষীয় উদ্যোগের দ্বিতীয় পর্যালোচনা সভা এটি। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ট্রেড ইউনিয়নের কথা তুলে ধরবেন এই প্রতিনিধিরা।
কমপ্যাক্টের প্রথম পর্যালোচনা সভা ২০১৪ সালের অক্টোবরে ব্রাসেলসে হয়েছিল। দ্বিতীয় সভা গত বছরের ডিসেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল। সেই সভাটিই আজ হচ্ছে।