পোশাকে একুশের চেতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশের মানানসই পোশাক বাছাই করছেন ক্রেতারা। বসুন্ধরা সিটি মার্কেটের দেশী দশ থেকে তোলা ছবি l প্রথম আলো
একুশের মানানসই পোশাক বাছাই করছেন ক্রেতারা। বসুন্ধরা সিটি মার্কেটের দেশী দশ থেকে তোলা ছবি l প্রথম আলো

অমর একুশে বাঙালি জাতির এক অনন্য অর্জন। বাঙালির এই অর্জন লাভ করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯৯৯ সাল থেকে অমর একুশে সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেই থেকে ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। বহুমাত্রিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়। এসব আনুষ্ঠানিকতার পাশাপাশি একুশের গৌরবগাথা ফুটে ওঠে পোশাকেও।
ঢাকায় বিভিন্ন পোশাকের দোকান ও বুটিকগুলো মহান একুশকে সামনে রেখে তৈরি করছে নতুন নতুন নকশার রকমারি পোশাক। এসব পোশাকে ব্যবহৃত রং, কাপড়, নকশা ভাষা আন্দোলনের মহিমায় উজ্জ্বল। পোশাকে যুক্ত হয়েছে একুশের গান, কবিতা, স্লোগান ও বাংলা ভাষায় রচিত বিভিন্ন পঙ্ক্তি। ফুটে উঠেছে বাঙালির নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। এ ছাড়া শহীদ মিনার, মানচিত্র, পতাকাসহ একুশের বিভিন্ন চিত্রের নান্দনিক প্রকাশ ঘটেছে এবারের পোশাকে।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরা সিটির ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল, দেশি ফ্যাশন হাউসগুলো একুশের চেতনায় উজ্জীবিত নানা ভাবনা তুলে ধরেছে পোশাকে। লাল, সাদা, কালো রং দিয়ে তৈরি হয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, টি-শার্ট এবং বিভিন্ন শিশুদের পোশাক। কিছু পোশাকের নকশা করা হয়েছে বাংলা ভাষার বিভিন্ন বর্ণ দিয়ে। এ ছাড়া লেখা হয়েছে একুশের অমর গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’।
ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান অনেক দিন ধরেই বাংলা বর্ণমালার ব্যবহারে পোশাক তৈরি করছেন। তিনি জানান, এটা কেবল তাঁর পোশাকের ব্যবসাই নয়, এটি একটি আন্দোলনও। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই এই দিনটিকে বিশ্বের মানুষের সামনে ফুটিয়ে তুলতে আমাদের আরও কাজ করতে হবে। তিনি শাড়ি ও টি-শার্টে বর্ণমালার ব্যবহার করে আসছেন। এই দিনটি উপলক্ষে আরও বেশি করে স্মারক তৈরির প্রতি জোর দিলেন তিনি।
ফ্যাশন হাউস সাদাকালো সব সময় তাদের পোশাকে সাদা-কালো রং ব্যবহার করে পোশাক তৈরি করে আসছে। দেশিদশে ফ্যাশন হাউসটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, একুশের পোশাকের বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে সাদাকালো। এখানে পুরো পরিবারের পোশাকের প্যাকেজ আছে। পরিবারের ছোট-বড় সবার জন্য বিভিন্ন নকশার পোশাক রয়েছে। এ ছাড়া বাবা-ছেলে এবং মা-মেয়ের জন্য একই নকশার পোশাকও রয়েছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পরিবারের জন্য পোশাক কিনতে এসেছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী তানজিমা ইসলাম। তিনি জানান, গত কয়েক দিন কাজের চাপ থাকায় মার্কেটে আসতে পারেননি। শনিবার ছুটির দিন বলে সপরিবারে এসেছেন। স্বামী, ছেলেমেয়ের জন্য একুশের পোশাক কিনছেন। তবে পোশাকে যেন সঠিক ইতিহাস, গৌরব, শ্রদ্ধা চাপা পড়ে না যায়, সেদিকেও গুরুত্ব দিলেন তিনি।