পঞ্জিকা অনুসারে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মহালয়া। এরপরের মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী। সে অনুসারে পূজার অপেক্ষা প্রায় তিন সপ্তাহের। এর মধ্যে ঢাকের বাদ্য না বাজলেও শরতের আকাশে সাদা মেঘের ভেলা, শুভ্র কাশফুল কিংবা ভোরে ফোটা শিউলি পূজার জানান দিচ্ছে। ফ্যাশন হাউসগুলোতেও শুরু হয়েছে প্রস্তুতি।
পোশাক তৈরি ও বিপণন প্রতিষ্ঠানগুলো বরাবরের মতোই এই উৎসব সামনে রেখে বিশেষ রং ও নকশা নিয়ে হাজির হয়েছে। এর সঙ্গে আছে রকমারি গয়না ও প্রিয়জনকে দেওয়ার জন্য বাহারি সব উপহার থেকে শুরু করে অন্দরসজ্জার নানা উপকরণ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক বছর ধরে ঈদ-পূজা কাছাকাছি সময়ে হওয়ায় অনেকে ঈদের বাজারে আসা পোশাকই পূজার জন্য বাছাই করে নিয়েছেন। এবার পূজার সময় ঈদ থেকে খানিকটা দূরবর্তী হওয়ায় পূজার পোশাকে আলাদা বৈচিত্র্য আনার চেষ্টা করছে অনেক ফ্যাশন হাউস।
ফ্যাশন হাউস নিপুণের চিফ ডিজাইনার ফয়সাল মাহমুদ জানালেন, এবারের পূজায় তাঁরা মেয়েদের শাড়ির ক্ষেত্রে অফ হোয়াইট ও লাল রঙের ভেলভেট পাড়কে প্রাধান্য দিচ্ছেন। ছেলেদের জন্য থাকছে বিস্কুট কালারের পাঞ্জাবি, সঙ্গে মেরুন পাড়। এ ছাড়া বড়দের পাশাপাশি ছোটদের জন্য থাকছে নানা ডিজাইনের ধুতি। পূজা উপলক্ষে দেশি ঐতিহ্যের কিছু গামছা প্রডাক্টও বাজারে ছাড়া হবে দু–এক দিনের মধ্যেই।
পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘রঙ বাংলাদেশ’-এর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে জানা গেল, পূজা উপলক্ষে এবার তাঁরা বাজারে এনেছেন দেবী দুর্গা, সরস্বতী, গণেশ ও নামাবলি অঙ্কিত কয়েকটি ডিজাইনের শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি। রঙের ক্ষেত্রে হলুদ, লাল, বাসন্তী ও সাদার প্রাধান্য বেশি। এর বাইরে আছে বিশেষ ডিজাইনের পায়েল, কানের দুল, কাঠের পুঁতির মালা। এখানে পূজার তাঁতের শাড়ি পাওয়া যাবে ১ হাজার ৫০ থেকে ৪ হাজার ৫০০ টাকার মধ্যে। রঙ-এর নিজস্ব ডিজাইনের শাড়ি পাওয়া যাবে ১ হাজার ৮৫০ থেকে ২৫ হাজার টাকায়। থ্রিপিস পাওয়া যাবে ২ হাজার ১৫০ থেকে সাড়ে ৪ হাজার টাকায়। এ ছাড়া বড়দের ধুতির দাম ধরা হয়েছে ১ হাজার ১৫০ টাকা আর ছোটদের ধুতি পাওয়া যাবে ৮৫০ টাকায়।
‘নগরদোলা’র পূজার আয়োজনে আছে বিশেষ ফ্যামিলি প্যাকেজ ও কাপল ড্রেস। আছে বাচ্চাদের ধুতি-ফতুয়া। ফ্যাশন হাউস ‘সৃষ্টি’ এনেছে বিশেষ লুঙ্গি ও ওড়না।
পূজার আয়োজনের ব্যাপারে ‘বিবিয়ানা’র স্বত্বাধিকারী ও ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘আমাদের পয়লা বৈশাখ ও পূজার পোশাকের ডিজাইন সাধারণত কাছাকাছি হয়। রঙের ক্ষেত্রেও সাদা-লালের প্রাধান্য থাকে বেশি। তবে পূজার পোশাকে থিমের জন্য কিছুটা ভিন্নতা আসে।