সাভারে রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের শ্রমমান ও কাজের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম কমেছে। এই শিল্পের স্বার্থে পোশাকের ন্যায্য দাম নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চায় বাংলাদেশ।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার যৌথ ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এ অনুরোধ জানান। এ অনুরোধের বিষয়ে জানতে চাইলে তাঁর পাশে বসা ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী ইয়র্ন নিয়ের্গো লারসেন সরাসরি কোনো জবাব দেননি।
বাংলাদেশের শ্রমিকদের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতা প্রকল্প চালু উপলক্ষে এ যৌথ ব্রিফিংয়ের আয়োজন করে ঢাকার ডেনমার্ক দূতাবাস।
রানা প্লাজা ধসের পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রসঙ্গে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, সরকার গত দুই বছরে যা যা করেছে, তাতে বাংলাদেশে দ্বিতীয় রানা প্লাজা হবে না। এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আমাদের হাজার হাজার ডলার খরচ হয়েছে। অথচ গত এক বছরে তৈরি পোশাকের দাম গড়ে ১ দশমিক ৮ শতাংশ কমেছে। তাই বাংলাদেশের তৈরি পোশাকের ন্যায্য দাম নিশ্চিত করার অনুরোধ জানাব। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাকের যৌক্তিক দাম দেওয়ার অনুরোধ জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে ইয়র্ন নিয়ের্গো লারসেন বলেন, ডেনমার্কের ক্রেতারা একটি পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানকার কর্মপরিবেশের নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন। তাই বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের মান নিশ্চিত করার স্বার্থে ডেনমার্ক এখানকার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তায় কারখানা পরিদর্শকের দপ্তরের সক্ষমতা বাড়াতে একটি সহযোগিতা চুক্তি সই করেছে। শ্রমিকের কর্মদক্ষতা ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি এটি পণ্যের দাম বাড়াতে সহায়ক হবে।
কারখানা পরিদর্শকের দপ্তরের সামর্থ্য বাড়াতে গতকাল বাংলাদেশ ও ডেনমার্ক কৌশলগত খাতে সহযোগিতা-বিষয়ক একটি চুক্তি সই করে। চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম কর্তৃপক্ষকে শক্তিশালী করে বাংলাদেশের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা। এই জন্য কারখানা পরিদর্শকের দপ্তরের সামর্থ্য বাড়ানো, পরিদর্শনের মান উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে।
প্রশ্নোত্তর পর্বের আগে দেওয়া বক্তৃতায় ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী বলেন, তাঁর বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য এখানে কৌশলগত সহযোগিতা খাতের প্রকল্প শুরু করা। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে ডেনমার্ক এ সহযোগিতা প্রকল্প শুরু করেছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আরও কিছু করার আছে বলে মনে করেন ইয়র্ন নিয়ের্গো লারসেন।