পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোষ্য কোটা বাতিলের দাবিতে গতকাল শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা৷
আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া পোষ্য কোটার বিষয়টি গতকাল সিন্ডিকেটের সভায় চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা ছিল৷ এটি জানতে পেরে পোষ্য কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হন৷ বেলা ১১টার দিকে সিন্ডিকেট বৈঠক শুরু হওয়ার সময় উপাচার্য ভবনের প্রধান ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন শুরু করেন৷
এ সময় প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়৷ একপর্যায়ে আবদুল্লাহ আল মামুন নামে ছাত্রলীগের এক নেতা প্রক্টরকে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আপনি এদের সরানোর ব্যবস্থা করেন৷ তা না হলে আধা ঘণ্টার মধ্যে এদের ছাত্রলীগ পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেবে৷’ তখন উত্তেজনা দেখা দিলে ছাত্রলীগের ওই নেতা দ্রুত স্থান ত্যাগ করেন৷ এ বিষয়ে ওই নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷ তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় বলেন, এটা ওই নেতার ব্যক্তিগত বিষয়৷ এতে ছাত্রলীগ সম্পৃক্ত নয়৷
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে প্রক্টর ও রেজিস্ট্রারের অনুরোধে আন্দোলনকারীরা সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠক থেকে বের হয়ে আন্দোলনকারীদের সমন্বয়ক শমসের রাসেল বলেন, পোষ্য কোটার বিষয়টি পুনির্ববেচনার জন্য পুনরায় একাডেমিক কাউন্সিলে পাঠানোর আশ্বাস দিয়েছেন সিন্ডিকেট সদস্যরা৷ তাই তাঁরা আপাতত সব কর্মসূচি স্থগিত করেছেন৷
তবে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘বিষয়টি রিভিউয়ের কোনো আশ্বাস সিন্ডিকেট দেয়নি। তাদের বক্তব্য রেকর্ড করার জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে মাত্র।’
এ বিষয়ে শমসের রাসেল বলেন, ‘বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনার জন্য ফেরত পাঠানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করেছি। উপাচার্য এখন ভিন্ন কথা বললে আমাদের কিছুই করার নেই। এর আগেও তিনি আমাদের সামনে এক কথা, পেছনে অন্য কথা বলেছেন। তাঁর বক্তব্যে আমরা মোটেই অবাক হইনি।’