পোষ্য কোটা সীমিত করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যান্য কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে পোষ্য কোটাকে সীমিতকরণ এবং প্রতিযোগিতার আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তাঁরা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে মানববন্ধন করে উপাচার্যকে স্মারকলিপি দেন।
মানববন্ধনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিদ বসুনিয়া বলেন, ‘আমরা এখনই পোষ্য কোটা বন্ধ করার কথা বলছি না। বরং আসন সীমিত করা, প্রতিযোগিতার আওতায় আনা ইত্যাদি যুক্তিসংগত প্রক্রিয়ার মধ্য দিয়ে পোষ্যদের ভর্তি করার দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থী মারুফা জাহান, আবদুল্লাহ আল মামুন ও শাহলা শাহনাজ বলেন, ভর্তি পরীক্ষার মতো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পোষ্যরা ৩৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এত বড় সুযোগ থাকার পরও প্রায় প্রতিবছরই তাঁদের ভর্তি করতে অতিরিক্ত নম্বর (গ্রেস নম্বর) প্রদান, আবেদনের যোগ্যতা শিথিল করা ইত্যাদি অযৌক্তিক দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করেন। এটা বন্ধ হওয়া উচিত।