পোষ্য কোটায় এক বিভাগেই ১৭ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ১৭ জনকে পোষ্য কোটায় ভর্তি করা হয়েছে। বিভাগের সভাপতি বলেন, এ বিষয়ে আপত্তি জানালেও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ভর্তি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রী, সন্তান ও ভাইবোন পোষ্য হিসেবে বিবেচিত হন। ভর্তি পরীক্ষায় ৩৩ শতাংশ নম্বর পেলেই তাঁদের ভর্তি করা হয়। তাঁদের মেধাক্রমের প্রতিযোগিতায় পড়তে হয় না। এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৬৭ জন পোষ্য উত্তীর্ণ হয়েছেন। তাঁদের আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, দর্শনসহ মোট ১৬টি বিভাগে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সাহাব এনাম খান বলেন, মুক্তিযোদ্ধা ও আদিবাসী কোটায় ভর্তি এখনো বাকি। ইতিমধ্যে ১৭ জন পোষ্য কোটায় ভর্তি হয়ে গেছে। এভাবে এত শিক্ষার্থী ভর্তি করালে স্বাভাবিকভাবেই বিভাগের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।
এই নিয়ে গত ২৬ জানুয়ারি বিভাগীয় শিক্ষা পর্ষদের জরুরি সভায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকেরা। ওই সভায় সর্বোচ্চ পাঁচজনকে পোষ্য কোটায় ভর্তি করানোর সিদ্ধান্ত হয়। কিন্তু পরে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জনকেই ভর্তি করানো হয়।
এ বিষয়ে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা হয়। ফলে পোষ্য যে বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁকে সে বিভাগেই ভর্তি করতে হবে।