জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যোগ্যতা শিথিল করার দাবিতে এবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার দুদিনের এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির একাত্মতা প্রকাশ করেছে অফিসার সমিতি। কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার এ তথ্য দিয়েছেন।
বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে ভর্তি পরীক্ষার সময় পোষ্যদের ভর্তিসংক্রান্ত দাবিদাওয়া নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের একটি নিয়মিত চিত্র উঠেছে। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় যেকোনো পোষ্য শতকরা ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেন। কিন্তু প্রায় প্রতিবছরই ভর্তি পরীক্ষায় পোষ্যদের একটি বড় অংশ এই ৩৫ নম্বরই পান না। ফলে অনুত্তীর্ণ পোষ্যদের অভিভাবকেরা তাঁদের পোষ্যদের ভর্তি করানোর জন্য বিভিন্ন বিভাগে দৌড়ঝাঁপ শুরু করেন।
একপর্যায়ে ব্যর্থ হয়ে শুরু করেন আন্দোলন। আর বিগত তিন বছরই বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনের মুখে পোষ্যদের ভর্তিসংক্রান্ত বিভিন্ন দাবি মেনে নিয়েছে।
গত বছর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ পোষ্যদের প্রত্যেককে উত্তীর্ণ করতে ৩ নম্বর অতিরিক্ত (গ্রেস) দেওয়া হয় এবং বিভাগভিত্তিক সব শর্ত পোষ্যদের জন্য বিলুপ্ত করা হয়। এ ধরনের বিশেষ ছাড়ের মাধ্যমে গত শিক্ষাবর্ষে ৬২ জন পোষ্যকে বিভিন্ন বিভাগে ভর্তি করানো হয়। ওই সময় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। ২০১১-১২ শিক্ষবর্ষেও ভর্তি পরীক্ষায় ৭৮ জন অনুত্তীর্ণ পোষ্যকে অতিরিক্ত নম্বর দিয়ে উত্তীর্ণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল।
কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা শুধু পোষ্যদের জন্যই বলছি না; এবার যে যোগ্যতা চাওয়া হয়েছে, তাতে দেশের অনেক শিক্ষার্থীই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। তাই আমরা ভর্তির যোগ্যতা শিথিলের দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, প্রায় প্রতিবছরই ভর্তি পরীক্ষায় পোষ্যদের ভর্তিসংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়। এ জন্য একটি স্থায়ী সমাধান প্রয়োজন। তাই পোষ্যদের ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একটি আলাদা নীতিমালা থাকা উচিত।
সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘আমরা আলোচনা করে দেখি কী করা যায়। তবে নিয়ম তো সবার জন্যই এক থাকা উচিত।’
এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে ডাকা তিন দিনের পূর্ণ দিবস ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল পালন করেছে ডাইনিং হল কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্মঘটের পাশাপাশি গতকাল বেলা ১১টার দিকে একটি মিছিল বের করে কর্মচারীরা। মিছিলটি পরিবহন চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। এ সময় তাঁরা একটি প্রতিবাদ সমাবেশ করেন।