পোস্টার বিড়ম্বনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে পোস্টার নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী বিধি অনুযায়ী দেয়ালে বা ঘরের বেড়ায় পোস্টার লাগানো নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা তা দড়িতে গেঁথে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু এভাবে ঝোলানো পোস্টার দু-তিন দিনের বেশি টিকছে না। কুয়াশা ও শিশিরে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো। ফলে বাধ্য হয়ে একই স্থানে নতুন করে আবার পোস্টার ঝোলাতে হচ্ছে প্রার্থীদের।
কোনো কোনো প্রার্থী স্বচ্ছ পলিথিনে মুড়ে পোস্টার ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু এতেও দীর্ঘদিন টেকানো যাচ্ছে না সেগুলোকে। কুয়াশা ও শিশিরের কারণে পলিথিনের ভেতরে থাকা পোস্টারগুলোও নষ্ট হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় সাধারণভাবে ঝোলানো পোস্টার তো বটেই, পলিথিনে মোড়ানো অনেক পোস্টারও নষ্ট হয়ে যায়।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, অনেক স্থানেই পোস্টারবিহীন দড়ি ঝুলে রয়েছে। সাঁথিয়া পৌর এলাকার ছেঁচানিয়া বাজারে দড়িতে গেঁথে পোস্টার ঝোলাচ্ছিলেন এক মেয়র পদপ্রার্থীর দুজন কর্মী। হৃদয় ও রাব্বি নামের ওই কর্মী দুজন জানান, দুদিন আগে ওই স্থানসহ অন্যান্য এলাকায় পোস্টার ঝোলানো হয়েছিল। কিন্তু শিশিরে পলিথিনবিহীন পোস্টারগুলো খুলে পড়ে গেছে। তবে পলিথিনে মোড়া পোস্টারগুলো বেশি দিন ধরে টিকে আছে। তাঁরা জানান, পোস্টার নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত নতুন পোস্টার ঝোলাতে হচ্ছে। তা না হলে অন্য প্রার্থীর সমর্থকেরা জায়গা দখল করে পোস্টার ঝুলিয়ে দিচ্ছেন।
এদিকে পোস্টার মোড়ানোর কাজে ব্যবহৃত পলিথিনের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ১৭০ টাকা কেজি দরের পলিথিনের দাম কয়েক দিনের ব্যবধানে ১৯০ টাকা হয়েছে। প্রার্থীদের অভিযোগ, নির্বাচনের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগ বুঝে ব্যবসায়ীরা পলিথিনের দাম বাড়িয়ে দিয়েছেন।
বকুল হোসেনসহ আরও দুই মেয়র প্রার্থীর স্বজনেরা জানান, ঝোলানো পোস্টার দু-তিন দিনের বেশি টেকানো যাচ্ছে না। এতে পোস্টারের পেছনে কর্মীদের লাগিয়ে রাখতে হচ্ছে। বিষয়টি যেমন বিড়ম্বনার সৃষ্টি করেছে, তেমনি ব্যয়ও বাড়িয়ে দিয়েছে।