ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আর বাকি মাত্র তিন দিন। এক প্রার্থীর পক্ষে সামান্য কিছু পোস্টার দেখা গেলেও অপর দুই প্রার্থীর কোনো পোস্টার-প্রচারণা নেই। ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ নেই। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের মৃত্যুতে পদটি শূন্য ঘোষিত হয়। গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।
উপনির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত আবদুল আলিম (দোয়াত-কলম) ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান একরাম হত্যা মামলায় কারারুদ্ধ মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী (আনারস। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতা মো. সেলিম (কাপ-পিরিচ)।
গত ৩১ আগস্ট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, ৩ সেপ্টেম্বর বাছাইকালে একজনের মনোনয়নপত্র বাতিল, ৭ সেপ্টেম্বর ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
২১ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য রয়েছে।
গতকাল বুধবার নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকা ঘুরে শুধু আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল আলিমের পক্ষে সামান্য কিছু পোস্টার ছাড়া আর কোনো প্রচারণা চোখে পড়েনি। বিএনপি-সমর্থিত প্রার্থী মিনার চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. সেলিমের পক্ষে কোথাও কোনো পোস্টার দেখা যায়নি।
ফুলগাজী বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, প্রার্থী আবদুল আলিমের পক্ষে সামান্য কিছু প্রচারণা থাকলেও অন্য দুই প্রার্থীর পক্ষে কেউ মাঠে নেই। তিনি বলেন, ‘ভোট কেমন হবে জানি না। ভোটের দিন সকালে ভোটাররা যদি বোঝে নিজের ভোট নিজে দিতে পারবে, তাহলে কেন্দ্রে যাবে। না হয় কোনো লোক কেন্দ্রে যাবে না।’
ট্যাক্সিচালক আবদুর রহমানের কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হলে প্রথমে এদিক-ওদিক তাকান, তারপর আশপাশে কাউকে না দেখে বলেন, ‘এখানে ভোট হবে না। সরকারি দলের কর্মীরা নানা কায়দায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। যে কারণে বিএনপির পক্ষে কোনো প্রচারণাও হচ্ছে না। সরকারি দলের কর্মীরাই কেন্দ্র দখল করে ভোট নিয়ে যাবেন।
ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী মাস্টার বলেন, তাঁদের দলীয়-সমর্থিত কারারুদ্ধ প্রার্থী মিনার চৌধুরীর পক্ষে পোস্টার করা হয়নি। বিভিন্ন ইউনিয়নে স্থানীয়ভাবে বিকেলের দিকে মাইকিং হয়। তাঁরা ভোটকেন্দ্রভিত্তিক কমিটি করেছেন। কেন্দ্র কমিটির কর্মীরাই বাড়ি বাড়ি ভোটারদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন। তিনি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।
তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে বেগম জিয়ার নিজ নির্বাচনী এলাকা ফুলগাজীতে ভোটাররা বিএনপি-সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করবেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল আলিম বলেন, তাঁদের নির্বাচনী প্রচারণা ও দলীয় প্রস্তুতি দুটোই আছে। শুক্রবার প্রচারণার শেষ দিন বড় ধরনের সমাবেশ হবে। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কোনো প্রচারণা ও তৎপরতা না দেখে নাশকতার আশঙ্কা করছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পোলিং, প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ-প্রক্রিয়া শেষ হয়েছে।
চেয়ারম্যান একরামুল হকের হত্যার ঘটনায় তাঁর ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ১৬ জন বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বিএনপি নেতা মিনার চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির আদেল, জাহিদ চৌধুরী, জিয়াউল আলম মিস্টার, বেলাল হোসেন পাটোয়ারী, আবদুল্লাহিল মাহমুদ শিবলুসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। তবে অভিযোগপত্রে গ্রেপ্তার হওয়া ৩২ জনের মধ্যে পাঁচজনের নাম বাদ দেওয়া হয়েছে।