পোস্টারে আড়াল মিনার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা নামফলকটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পোস্টার-ফেস্টুনে আড়াল হয়ে গেছে। কয়েক বছর ধরে এ অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে এগুলো অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলার ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধা এবং ৩০৩ জন মুক্তিযোদ্ধার নাম সংবলিত মুক্তিযোদ্ধা নামফলকটি পাশাপাশিভাবে অবস্থিত। স্থাপনা দুটির উত্তর ও পূর্ব পাশে টাঙানো ২০টি বড় বড় পোস্টার-ফেস্টুনের মধ্যে আটটি উপজেলা যুবলীগের, চারটি শ্রমিক লীগের, তিনটি ছাত্রলীগের, দুটি জাতীয় পার্টি এবং প্রজন্ম লীগের, একটি করে ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা নামফলকটি আড়াল করে এসব ব্যানার-ফেস্টুন টাঙানো হচ্ছে। নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা, নির্বাচনী প্রচারণা ও শোক জানিয়ে টাঙানো এসব পোস্টার-ফেস্টুনের কারণে সড়ক থেকে এ দুটি স্থাপনা এখন আর দেখা যায় না। উপজেলা নাগরিক কমিটির সভাপতি শাহ কুতুবুল আলম অভিযোগ করেন, ‘আমি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এক বছর ধরে উপজেলা প্রশাসনকে অনুরোধ করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই সব পোস্টারের মালিকেরা ক্ষমতাবান হওয়ায় কোনো প্রতিবাদ করা যায় না।
ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এগুলো সরিয়ে ফেলতে ব্যবস্থা নেওয়া হবে।