পোস্টারে সীমাবদ্ধ বিএনপির প্রার্থীদের প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের আর মাত্র চার দিন বাকি। ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ছাড়া বাকি আটটি ইউপিতে এখনো বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠে নামেননি বললেই চলে। ওই সব ইউপিতে কিছু ছেঁড়া পোস্টার ছাড়া কোনো গণসংযোগ বা প্রচারণা চোখে পড়ছে না।
ভোলা সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ভোলা সদর উপজেলায় ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দক্ষিণ দিঘলদী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ইফতার হাসানের বিপরীতে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। এখানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি নয় ইউপির সবগুলোতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তবে তাঁরা সবাই সরে দাঁড়িয়েছেন।
সরেজমিনে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের সঙ্গে শুধু উত্তর দিঘলদী ইউপিতে বিএনপির প্রার্থী রাইসুল আলমের লোকজনের সংঘর্ষ হয়েছে। সেখানে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাকি ইউপিতে বিএনপির প্রার্থীদের ছেঁড়া পোস্টার ছাড়া তেমন কিছু চোখে পড়েনি।
উত্তর দিঘলদী ইউপির বিএনপির প্রার্থী রাইসুল আলম বলেন, তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলার জের ধরে পুলিশ তাঁকে হয়রানি করছে। তবে আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী মুনসুর বলেন, বিএনপির প্রার্থী দাগি আসামিদের এলাকায় এনে সন্ত্রাসের পাঁয়তারা করছেন।
ভেলুমিয়া ইউপিতে বিএনপির প্রার্থী জলিল খান মনোনয়নপত্র দাখিলের পর থেকে এখনো নির্বাচনী মাঠে যাননি। এখানে সাবেক চেয়ারম্যান শাজাহান বাদশা বিএনপির প্রার্থী না হওয়ায় জলিলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। জলিল খান প্রথম আলোকে বলেন, গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের পর থেকে তিনি ইউনিয়নে যেতে পারছেন না। তাঁকে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম মাল প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম মাল অভিযোগ অস্বীকার করে বলেন, মানুষের কাছে বিএনপির প্রার্থীর ভোট চাওয়ার কিছু নেই। খালি হাতে ভোট চাইবেন কী করে। তাই মিথ্যার বেসাতি খুলে বসেছেন তিনি।
বাপ্তা ইউপিতে বিএনপির প্রার্থী মনিরুল হুদা খোকা মিয়া। কয়েকজন ভোটার বলেন, এলাকায় পরিচিত কাউকে প্রার্থী না করায় বিএনপির অনেক নেতা-কর্মী গা বাঁচিয়ে চলছেন। একই অবস্থা চরসামাইয়্যা ইউপির বিএনপি প্রার্থী মুছা কলিমুল্যাহরও।
পশ্চিম ইলিশা ইউপিতে বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান তৌফিক ওরফে রিহিনকে মাঠে দেখা যায়নি। জানতে চাইলে হাসান তৌফিক বলেন, তিনি উঠান বৈঠক করেননি। তবে গণসংযোগ করছেন।
ধনীয়ায় বিএনপির নেতা বর্তমান চেয়ারম্যান এমদাদ হোসেন বছর খানেক আগে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি এবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী লাভলু হাওলাদার একা একা প্রচার চালালেও সুবিধা করতে পারছেন না বলে বেশ কয়েকজন ভোটার জানিয়েছেন। বিএনপির প্রার্থী বলেন, তিনি ঠিকমতোই প্রচার চালাচ্ছেন, কেউ বাধা দিচ্ছে না।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থাই করা হবে।