পোড়া তেল ও নষ্ট শিরা সিজলকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে নষ্ট মিষ্টির শিরা লুকানোর চেষ্টা করেছিল মালিকপক্ষ। কিন্তু লাভ হয়নি তাতে। কারখানার গুদাম থেকে তিন ড্রাম পুরোনো ও নষ্ট মিষ্টির শিরা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পুরোনো রস দিয়ে মিষ্টি তৈরি, পোড়া তেল ব্যবহার ও মেঝের ওপর মিষ্টি রাখার কারণে চট্টগ্রাম নগরের মিষ্টি ও বেকারি পণ্যের জন্য প্রসিদ্ধ ‘সিজল’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরের ডবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় সিজলের কারখানায় অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। অভিযানে কারখানা থেকে এক মণ পচা মিষ্টি ও দুই মণ মিষ্টির শিরা নালায় ফেলে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, তিন ড্রাম নষ্ট মিষ্টির শিরা গুদামে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল মালিকপক্ষ। কারখানায় পোড়া তেলে সমুচাজাতীয় খাবার ভাজতে দেখা গেছে। নানা অনিয়ম পাওয়ায় সিজলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।