পোড়া তেলে খাবার তৈরি ৬ দোকানকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের ছয়টি হোটেল ও রেস্তোরাঁকে মোট ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। অভিযানে চকবাজার এলাকার চক মালঞ্চ কুলিং কর্নারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এই দোকানে ৩০ লিটার পোড়া তেল, পোকামাকড়যুক্ত পুরোনো মিষ্টির রস ও জিলাপি তৈরির বাসি খামি পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দোকানটিতে সব খাবার তৈরি করা হচ্ছিল পোড়া তেলে। অনেক পুরোনো কাঁচা সমুচা ও কাবাব ফ্রিজে পাওয়া গেছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর: নগরের পাহাড়তলী, মোমিন রোড ও নিউমার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি হোটেল ও রেস্তোরাঁকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তাঁর সঙ্গে ছিলেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ।
খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পাহাড়তলীর জিলানী হোটেলকে ১৮ হাজার টাকা, একই এলাকার রুহুল আমিন হোটেলকে ১০ হাজার টাকা, নিউমার্কেট এলাকার এবিপি হোটেলকে ২৫ হাজার টাকা, জুবিলি রোডের ইরান হোটেলকে পাঁচ হাজার টাকা ও মোমিন রোডের মনজিনিস রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাত লাইটার জাহাজকে জরিমানা: চট্টগ্রাম বন্দর চ্যানেলে অভিযান চালিয়ে সাতটি লাইটার জাহাজকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে বন্দর জলসীমায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।
জরিমানা করা জাহাজগুলো হলো এমভি আল ইনসান, এমভি সায়েম আহমেদ, এমভি গোল্ডেন রুবি, ওটি রাইসা, এমভি এ কে এম শাহনেওয়াজ, এমটি রজনীগন্ধা ও এমভি কাজী সোনিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চালকের সনদ না থাকা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম না রাখা, অতিরিক্ত পণ্যবোঝাইসহ নানা অপরাধে সাতটি লাইটার জাহাজকে জরিমানা করা হয়।
একই ভ্রাম্যমাণ আদালত বন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আবু তাহের নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেন।