পোড়া বস্তিতে পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্যাণপুর বস্তিতে পাঠাগার। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l প্রথম আলো
কল্যাণপুর বস্তিতে পাঠাগার। ছবিটি গত শুক্রবার বিকেলে তোলা l প্রথম আলো

কল্যাণপুর পোড়া বস্তির কাঁচা রাস্তার দুই পাশ ধরে কয়েক শ টিনের ঘর। ঘরগুলোতে নিম্ন আয়ের লোকের বসবাস। একটি ঘর ব্যতিক্রম। ঘরটির ভেতরে দুটি টেবিল পাশাপাশি লাগানো। টেবিল ঘিরে চেয়ার পাতা। আলমারিতে সারি সারি বই। এটি বস্তির শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা পাঠাগার।
রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় গড়ে তুলেছে এই পাঠাগারটি। গত বছরের শেষ দিকে চালু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এ বছরের ৩০ এপ্রিল। বর্তমানে এই পাঠাগারে হাজারটির বেশি বই আছে। আছে শ দুয়েক নানান বয়সী পাঠক। তারা সবাই কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দা।
পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোক্তাদের একজন মো. হান্নান আকন্দ প্রথম আলোকে বলেন, ‘বস্তিবাসী নানান দিক থেকে বৈষম্যের মধ্যে আছে। বস্তির আগামী প্রজন্মকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে তাদের অবস্থার উন্নয়ন হবে। এই পাঠাগার হবে বস্তির উন্নয়নের ভিত্তি।’
পাঠাগারের ঘরটি টিনের দোচালা। সামনে-পেছনে দুটি প্রবেশপথের ধারেই বাগান। বাইরে টাঙানো নোটিশ বোর্ড। তাতে কীভাবে পাঠাগারের সদস্য হওয়া যাবে, পাঠাগারে কী ধরনের বই আছে, সেরা পাঠক ও সেরা বই লেনদেরকারীর নাম লেখা বিজ্ঞপ্তি রয়েছে।
ভেতরে তিনটি আলমারিতে সারি সারি বই সাজানো। ভ্রমণকাহিনি, উপন্যাস, ইতিহাস, জীবনী, বিজ্ঞানভিত্তিক বই আলাদা তাকে গুছিয়ে রাখা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, কাজী নজরুল ইসলামের বাঁধনহারা, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট আছে পাঠাগারের বইয়ের তালিকায়।
গত শুক্রবার গিয়ে দেখা যায়, বিকেল হতেই শিক্ষার্থীরা এসেছে। কেউ বই নিচ্ছে, কেউ পত্রিকা পড়ছে। অষ্টম শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাস—সবাই আছে পাঠকের তালিকায়। থাকে পোড়া বস্তিতেই। পাঠাগারে ঢুকলেই একটি নিবন্ধন খাতায় কী কাজে এসেছেন, কখন এসেছেন তা তুলে রাখা হচ্ছে।
পাঠাগারটি প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে। গ্রন্থাগারিক লাকি আকতার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ছে। লাকি আকতার জানাল, প্রতিদিন ২০-২৫ জন পাঠাগার ব্যবহার করে। বস্তিতে থাকা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাই বেশি আসে। তারা হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাসগুলো বেশি পড়ে। আর বয়স্করা আসেন দিনের পত্রিকা পড়তে।
পাঠাগারটির নাম দেওয়া হয়েছে ‘কল্যাণপুর পোড়া বস্তি গণকেন্দ্র’। পাঠাগার পরিচালনা করতে গঠন করা হয়েছে ট্রাস্টি বোর্ড। এর আহ্বায়ক কমিটিতে আছেন ওই বেসরকারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, কয়েকজন দাতা আর বাকিরা বস্তির বাসিন্দা। ট্রাস্টের পক্ষ থেকে গ্রন্থাগারিককে দেওয়া হয় এক হাজার টাকা মাসিক সম্মানী।
শিক্ষার্থীরা ২০ টাকা আর বয়স্করা ৪০ টাকা দিয়ে এক বছরের জন্য পাঠাগারের সদস্য হতে পারেন। সপ্তাহে এক দিন পাঠাগারের ট্রাস্টি বোর্ডের নিয়োগ করা একজন প্রশিক্ষক বস্তির বাচ্চাদের গান, কবিতা আবৃত্তি শেখান। শিশুদের জন্য ছোটদের বিজ্ঞানপিডিয়া, ছবির খেলা, এমন শিশুতোষ বই পাঠাগারে রাখা হয়েছে আলাদা করে।
ঢাকা কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পাস করেছেন বেলাল হোসেন। থাকেন বস্তিতেই। প্রায় প্রতিদিন বিকেলে পাঠাগারে আসেন পত্রিকা ও বই পড়তে। বললেন, পাঠাগারে যতটা সুযোগ-সুবিধা থাকার কথা, এখানে তা নেই। একটি কম্পিউটার থাকলে সুবিধা হতো। আর বইয়ের সংখ্যাও বাড়ানো দরকার।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান নির্বাচিত হওয়ার আগে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বস্তিবাসী বলে এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। তারা পাঠাগার করেছে। বই দিয়ে, কম্পিউটার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব।’