পোড়া যানবাহন প্রতীকী কফিন নিয়ে মানববন্ধন

আগুনে পোড়া বাস, পেট্রলবোমায় দগ্ধ প্রতীকী রোগী ও নিহত ব্যক্তির প্রতীকী কফিন নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে পরিবহন খাতের নেতা ও শ্রমিকেরা অংশ নেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে যানবাহন জ্বালাও-পোড়াও এবং পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে আনা প্রতীকী কফিনের গায়ে লেখা ছিল ‘আমার কী অপরাধ, আমাকে পুড়িয়ে মারল কেন? প্রতীকী দগ্ধ শ্রমিকের আকুতি, ‘আমি হরতাল ও অবরোধকারীদের পেট্রলবোমার শিকার।’ পোড়া বাসের গায়ে লেখা ছিল ‘আমিও হরতাল-অবরোধের নৃশংসতার শিকার হয়ে অঙ্গার হয়ে অকেজো।’
মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ ও সদস্যসচিব ওসমান আলীসহ অন্য নেতারা।