কুমিল্লার দেবীদ্বার পৌরসভার প্রশাসক ও সচিবের সই জাল করে ৭৪ লাখ ৪২ হাজার ৫৪৭ টাকা আত্মসাৎ করেছেন পৌরসভার হিসাবরক্ষক মাহবুবুল আলম। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে তিনি এ কথা স্বীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘টাকা নিয়েছি, এ ঘটনা সত্য।’
পৌরসভা সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ২১টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৫৬ হাজার ৪৯৭ টাকা এবং রাজস্ব তহবিল থেকে ৪৩টি চেকের মাধ্যমে ৪১ লাখ ৮৬ হাজার ৫০ টাকা আত্মসাৎ করেছেন। সোনালী ব্যাংকের দেবীদ্বার শাখা থেকে এ টাকা উত্তোলন করা হয়। সম্প্রতি পৌর কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি এ টাকা আত্মসাতের প্রমাণ পায়। গত সোমবার রাতে পৌর সচিব জহিরুল আলম সরদার দুর্নীতি দমন আইনে দেবীদ্বার থানায় মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করেন। গত বুধবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম তারেক আজিজের আদালতে পাঠায়। বিচারক তাঁকে জামিনে মুক্তি দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি পৌর প্রশাসক ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম পৌর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার উন্নয়ন ও রাজস্ব তহবিলের ক্যাশ বই এবং ব্যাংক হিসেবে গরমিল দেখতে পান। ওই দিনই তিনি মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে তিনি গরমিলের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য পৌরসভার সহকারী প্রকৌশলী জোবাইদা ইয়াছমিন ও পৌর সচিব জহিরুল আলম সরদারকে দায়িত্ব দেন। তাঁরা ৭৪ লাখ ৪২ হাজার ৫৪৭ টাকা আত্মসাতের প্রমাণ পান। পরে পৌর প্রশাসক অধিকতর তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আরেকটি কমিটি করেন।এর আগে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর পৌর প্রশাসক ও পৌর সচিবের সই জাল করে চেকের মাধ্যমে সোনালী ব্যাংকের দেবীদ্বার শাখা থেকে মাহবুবুল আলম ৪৭ হাজার ৮০৭ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনা ফাঁস হলে গত ৩১ ডিসেম্বর তিনি ওই টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে মাফ পান।
পৌর প্রশাসক ও ইউএনও সাইফুল ইসলাম বলেন, মাহবুবুল আলম তদন্ত কমিটির কাছে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেনকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।