চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে র্যা ব কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলাটি আবার সচল হচ্ছে। নিম্ন আদালতের প্রতি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে যান আসামিরা। পরে হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে পৌনে চার বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। গত আগস্ট মাসে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় এখন মামলাটি আবার সচল হয়েছে। বিচার শুরু করার জন্য প্রাথমিক প্রস্তুতিও শেষ করা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার বিচার শুরুর জন্য এ মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন। একই সঙ্গে এই মামলার দুই আসামির (তখন র্যা বের সোর্স ছিলেন) জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে র্যা ব-৭ চট্টগ্রাম অঞ্চলের সাবেক অধিনায়ক (বরখাস্ত) লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরুর দিন ধার্য রয়েছে।
২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারা তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠে র্যা বের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের বছরের ১৩ মার্চ র্যা বের ১০ সদস্য ও দুই সোর্সসহ ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির মামলা করা হয়।
২০১২ সালের ৩০ এপ্রিল অভিযুক্ত জুলফিকার আলী মজুমদারকে চাকরিচ্যুত করে সেনাবাহিনী। এর আগে তাঁকে র্যা ব চট্টগ্রাম থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। চাকরিচ্যুত হওয়ার পর আত্মগোপন করেন তিনি। একই বছরের ৩ মে ঢাকার রমনা থানা এলাকায় এক বন্ধুর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা-পুলিশ। ২০১২ সালের ১৭ জুন জুলফিকার আলী উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। এরপর ২১ জুন তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তিনি এখন এই মামলায় জামিনে আছেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৮ জুলাই আনোয়ারা থানার পরিদর্শক আবদুস সালাম জুলফিকার আলীসহ সাতজনকে আসামি করে চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অন্য আসামিরা হলেন তৎকালীন র্যা ব-৭-এর সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র্যা বের ডিএডি আবুল বশর, উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু, র্যা বের সোর্স দিদারুল আলম, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া। ২০১২ সালের নভেম্বরে আসামিরা হাইকোর্ট থেকে এ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ নেন।
এই মামলার বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান গতকাল তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, আদালতে অভিযোগপত্র দেওয়ার পর বিচার শুরুর আগে আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন। এ কারণে গত চার বছর মামলাটির শুধু তারিখ পড়েছে। তিনি বলেন, জামিনে থাকা সাত আসামির মধ্যে পাঁচজন রোববার আদালতে হাজির ছিলেন। আসামি আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে দুজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।