পাবনার ঈশ্বরদী পৌরসভায় প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকার গৃহকর বকেয়া পড়ে আছে। এ কারণে পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের পাওনাও পরিশোধ করতে পারছে না।
পৌরসভার কর শাখা সূত্র জানায়, বকেয়া গৃহকর আদায়ের জন্য বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও করদাতারা নিয়মিত কর পরিশোধ করছেন না। এসব বকেয়ার কারণে ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে পৌরসভার প্রায় সাড়ে চার বছরের বিদ্যুৎ বিল পরিশোধ করা যাচ্ছে না। পৌরসভার কাছে বর্তমানে বিদ্যুৎ বিভাগের পাওনা কোটি টাকার ওপরে।
ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী উৎপল কুমার সাহা বলেন, প্রত্যেক মাসে পৌরসভায় গড় বিদ্যুৎ বিল চার লাখ টাকার ওপরে। সেই হিসাবে সাড়ে চার বছরে পৌরসভার কাছে বিদ্যুৎ বিভাগের বিল পাওনা হয়েছে পৌনে দুই কোটি টাকার মতো। এই বকেয়া বিল পরিশোধের জন্য পৌরসভাকে তাঁরাও বারবার তাগিদ দিচ্ছেন। কিন্তু অর্থসংকটের অজুহাতে পাওনা টাকা এখনো পরিশোধ করা হয়নি।
ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বলেন, পৌরসভার গৃহকর আদায় করার জন্য কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত মাঠে কাজ করছেন। কিন্তু পূর্ণাঙ্গভাবে কর আদায় না হওয়ায় পৌরসভার আর্থিক কার্যক্রম, বিশেষ করে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। ছোটখাটো রাস্তা ও নালা সংস্কার করা যাচ্ছে না।
পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও এখানে আনুপাতিক হারে গৃহকর কম ধার্য করা হয়েছে। এরপরও কর আদায়ে শতভাগ সফলতা নেই। ঈশ্বরদীর দুটি প্রতিষ্ঠানে পৌরসভার রয়েছে বড় ধরনের বকেয়া। এর মধ্যে রেলওয়ের কাছে ১ কোটি ২০ লাখ ৯২ হাজার ১৩৯ ও বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের কাছে প্রায় ২৪ লাখ টাকার দুই বছরের বকেয়া গৃহকর পাওনা রয়েছে। পৌরসভায় মোট গৃহ করদাতা রয়েছেন ১৩ হাজার ৯২১ জন। এঁদের মধ্যে ৩০ ভাগ নাগরিকের কাছে ৩০ লাখ টাকা বকেয়া রয়েছে। একইভাবে পৌরসভার পানির বিলও বকেয়া পড়ে রয়েছে ১০ লাখ টাকা।
এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দপ্তরের বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক বলেন, রেল দপ্তর থেকে আপত্তি জানানো সত্ত্বেও ঈশ্বরদী পৌরসভা অতিরিক্ত কর ধার্য করেছে। রেলের হিসাব অনুযায়ী পৌরসভা তাদের কাছে এত বেশি টাকা পাবে না।
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর জনসংযোগ কর্মকর্তা শফি আল মামুন বলেন, কর পরিশোধের জন্য মন্ত্রণালয় থেকে যে পরিমাণ অর্থ দেওয়া হয়, সেই তুলনায় ঈশ্বরদী পৌরসভার ধার্য গৃহকরের পরিমাণ অনেক বেশি। ফলে অতিরিক্ত টাকা পরিশোধ করতে তাদের অর্থের ঘাটতি দেখা দেওয়ায় পৌরসভাকে করের হার কমানোর জন্য অনুরোধ করা হয়েছে।