পৌর কর্মচারীকে মারধরের প্রতিবাদে কলমবিরতি ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভার গাড়ি ভাঙচুর ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে গতকাল সোমবারও কলমবিরতি ও সমাবেশ করেছে পৌর কর্মচারী সংসদ। পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে একাত্মতা প্রকাশ করেন মেয়র নূর ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি শাহ আলম মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর সচিব এস এম রেজাউল করিম, কর্মচারী আক্তারুজ্জামান, মাহাবুবার রহমান, ফারুক আহমেদ, মজিবর রহমান, সুলতান আহমেদ, আজমত আলী প্রমুখ। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
পৌরসভা সূত্র জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক গত মঙ্গলবার সকালে শহরের নয়াগ্রাম এলাকায় বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম চলে। ওই সময় ওই এলাকার নূর ইসলামের ছেলে মোশারফ হোসেন লোকজন নিয়ে পৌরসভার গাড়ি ভাঙচুর, চালক মিঠু মিয়া ও কর্মচারী হাসু মিয়াকে বেদম মারপিট করেন। পরে আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পরদিন বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন পৌরসভার কর্মচারীরা। একই সঙ্গে ঘটনার পরদিন থেকে দুই ঘণ্টা করে কলমবিরতি পালন করা হয়। স্মারকলিপিতে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় লাগাতার আন্দোলন চলছে।