মাসিক সম্মানী ভাতা বাড়ানোসহ আট দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে পৌরসভার কাউন্সিলররা মানববন্ধন ও সমাবেশ করেছেন। দাবি মেনে নেওয়া না হলে সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করা হয়। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল পৌরসভার কাউন্সিলররা। এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইদুর রহমান, মোসলেমা বেগম ও জিয়াউর রহমান; রহনপুরের তাজাম্মুল হক, নাচোলের ফারুক আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, কাউন্সিলরদের মাসিক ভাতা অপ্রতুল, বৈষম্যমূলক ও অসম্মানজনক। আট দফা দাবি পূরণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
কুড়িগ্রাম শহরে গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার কাউন্সিলররা অংশ নেন। বক্তব্য দেন জেলা পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রোস্তম আলী, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, নাগেশ্বরী পৌরসভার কাউন্সিলর মমিনুর রহমান, উলিপুর পৌরসভার কাউন্সিলর রশিদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা আট হাজার টাকা ধার্য করেছে, যা অসম্মানজনক ও বৈষম্যমূলক। সিটি করপোরেশনের কাউন্সিলর, জেলা পরিষদ সদস্যদের মাসিক সম্মানী ভাতার সঙ্গে সমন্বয় করে নতুন করে মাসিক সম্মানী ভাতা নির্ধারণের দাবি জানান তাঁরা। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
পাবনার ঈশ্বরদী শহরে প্রেসক্লাব সড়কের সামনে গতকাল দুপুরে পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জাহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র সাঈদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ফরহাদ জোয়ারদার, কাউন্সিলর ফিরোজা বেগম (ঈশ্বরদী), আফরোজা খাতুন (পাবনা), এম ফরহাদ হোসেন (আটঘরিয়া), রফিকুল ইসলাম (ভাঙ্গুরা), মুনছুর আলী (সুজানগর), আইয়ুব সরকার (বেড়া), নাজিমুদ্দিন (চাটমোহর), আমিনুর রহমান (ঈশ্বরদী) প্রমুখ। বক্তারা বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা বাড়ানো হয়েছে। আট দফা বাস্তবায়নের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করার ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।