পৌর কাউন্সিলরের ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ
ফরিদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শুক্রবার রাতে মাহফুজুরকে রামদা দিয়ে কোপ দেয় সন্ত্রাসীরা। মাহফুজুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
গতকাল সকালে শহরের টেপাখোলার বৈরাগী স্কুলের সামনে কয়েক শ নারী ও পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আধ ঘণ্টার মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমদ, টেপাখোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইমরান হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বৃন্দাবনের মোড় এলাকায় সন্ত্রাসীরা মাহফুজুর রহমানকে রামদা দিয়ে কুপিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাঁর মোটরসাইকেলটি নিয়ে যায়। এরপর মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাহফুজুরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।