পৌর নির্বাচনে নেই বিদেশি পর্যবেক্ষক
পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য মোট ২৯টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশন পর্যবেক্ষণের অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। ফলে এ নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক বা প্রতিষ্ঠান থাকছে না।
কমিশন সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় এশিয়া ফাউন্ডেশনকে পর্যবেক্ষণে অংশ নিতে হলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হবে। নির্বাচন কমিশন গত সোমবার এ সংক্রান্ত নথিটি ছাড়পত্রের জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যে কারণে সংগঠনটি আজকের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে না। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের আপত্তিতে দেশীয় প্রতিষ্ঠান অধিকারকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশনের নিবন্ধিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অধিকারকে অনুমতি দেওয়া হয়নি। আর বিলম্বে আবেদন করায় এশিয়া ফাউন্ডেশনের নথিটি যথাসময়ে সরকারের অনুমতির জন্য পাঠানো সম্ভব হয়নি।
তবে এর আগে সচিব প্রথম আলোকে বলেছিলেন, কমিশনের নিবন্ধিত সব প্রতিষ্ঠানকেই পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।
কমিশন সচিবালয়ের গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী এবার ফেমা, জানিপপ, ডেমোক্রেসি ওয়াচ, ব্রতীসহ মোট ২৯টি সংগঠনকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে সাতটি প্রতিষ্ঠানের ১৩০ জন পর্যবেক্ষককে পরিচয়পত্র দেওয়া হয়েছে। আর স্থানীয়ভাবে পর্যবেক্ষণের জন্য ২২টি প্রতিষ্ঠানের চার হাজার ৮৯ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে। এদের কার্ড সংগ্রহ করতে হবে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, মানবাধিকার সমন্বয় পরিষদ, ডেমোক্রেসি ওয়াচ, মানবিক সাহায্য সংস্থা, মানবাধিকার সমাজ উন্নয়ন সংস্থা, লাইট হাউজ, অধিকার, রাইস (যশোর), খান ফাউন্ডেশন, জাগরণী চক্র ও ন্যাশনাল ইয়ুথ ফোরামের বিষয়ে আপত্তি জানায় আওয়ামী লীগ। এদের মধ্যে অধিকার ছাড়া বাকি সবাইকে সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার ৪১২ জন পুলিশ কর্মকর্তার বদলি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুমোদন করেছে। এ বিষয়ে সচিব বলেন, উপপরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার এসব কর্মকর্তার পদোন্নতি হওয়ায় এ মাসের মধ্যে তাদের বদলি আদেশ জারি করতে হবে। সে জন্য কমিশন বদলির অনুমতি দিয়েছে। তবে এই বদলি নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।