সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ছাত্রলীগের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা, অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক জহির উদ্দিন। ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতেও দুই পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত খাগড়াছড়ির পৌর নির্বাচনে জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন দলীয় প্রার্থীর পক্ষে। অন্যদিকে সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। ৪ জানুয়ারি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই নেতার অনুসারীদের পৃথকভাবে কর্মসূচি পালনের মাধ্যমে বিভক্তির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমার নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ শহরে শোভাযাত্রা শেষে সকাল সাড়ে আটটায় পৌর টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। অপর দিকে সকাল নয়টায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের নেতৃত্বে অপর অংশ শহরে শোডাউন করে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
বিভক্তির বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাঈন উদ্দিন বলেন, ‘সভাপতি টেকো চাকমা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেননি। তাঁরা নিজেদের মতো কর্মসূচি পালন করেছেন। তাই সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করেছি আমরা। ছাত্রলীগের বৃহৎ অংশ আমাদের সঙ্গে রয়েছে।’
জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, মূলত পৌর নির্বাচনকে কেন্দ্র করেই ছাত্রলীগে বিভক্তি বেড়েছে। সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের একটি অংশ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক দিদারুল আলমের অনুসারী। তারা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের পক্ষে কাজ করেছে। দিদারুল আলমের ভাই রফিকুল আলম (এবারও মেয়র নির্বাচিত হয়েছেন)।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, ‘সভাপতি প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে আমাকে কিছুই বলেননি। সাংগঠনিক নিয়মানুযায়ী ছাত্রলীগের সব কর্মসূচির চিঠিতে আমার সই থাকার কথা রয়েছে। কিন্তু সভাপতি সম্পূর্ণ বেআইনিভাবে কার্যক্রম চালাচ্ছেন।’
তবে জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা বলেন, যাঁরা নৌকা প্রতীকের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পৌর নির্বাচনে কাজ করেছেন, তাঁদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। সাংগঠনিক নিয়ম মেনেই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।