পৌর নির্বাচনের 'সিরাজউদ্দৌলা'
‘আমার অবস্থা হয়েছে পলাশীর যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার মতো। অসংখ্য সৈন্যসামন্ত, গোলাবারুদ থাকা সত্ত্বেও মীর জাফর, জগৎশেঠ, উমি চাঁদদের মতো লোকদের বিশ্বাসঘাতকতায় যেমন সিরাজউদ্দৌল্লার পতন হয়েছিল, ঠিক তেমনি অর্থের কাছে আমার দল বিএনপির কিছু নেতা-কর্মী অন্য প্রার্থীর নিকট বিক্রি হয়ে যাওয়ায় নির্বাচনে আমার শোচনীয় পরাজয় হয়েছে।’
রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। তাঁর নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াৎ হোসেন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে পরিতোষ চক্রবর্তী বলেন, ‘২০-দলীয় জোটের শরিক দল স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করেনি এবং তারা ভোটও দেয়নি। পৌরসভায় বিএনপির অনেক সমর্থক, ভোটার ও নেতা-কর্মী রয়েছে। শুধু নেতা-কর্মীরা ভোট দিলেও আমার এত কম ভোট পাওয়ার কথা নয়।’
বদরগঞ্জ পৌর নির্বাচনে ছয়জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৬ হাজার ৯৯২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার সাহা। ৫ হাজার ৯৯৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হক। নির্বাচনে পরিতোষ চক্রবর্তী পান মাত্র ৫৫৪ ভোট।