পৌর নির্বাচন-পরবর্তী বিজয় মিছিল না করার পরামর্শ আইজিপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর ওই দিন বা পরের দিন বিজয় মিছিল না করার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল মঙ্গলবার বয়রায় খুলনা রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) নতুন অফিস ভবন চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, যদি কেউ বিজয় মিছিল করেন, তবে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। নির্বাচন-পরবর্তী সংঘাত এড়াতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের দিন এবং পরের দিন পৌর নির্বাচনী এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
আইজিপি বলেন, ইতিপূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক দায়িত্ব পালনে অনুষ্ঠিত সব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর বিভিন্ন জেলার পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব নেই দাবি করে তিনি বলেন, জঙ্গিদের প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে হবে। তদন্তে প্রতিটি ঘটনার রহস্য উদ্ঘাটন করা হচ্ছে। এর আগে শহীদুল হক নগরের খালিশপুর থানা ভবন ও নবনির্মিত ডিআইজি অফিস ভবন উদ্বোধন করেন। পরে ডিআইজি কার্যালয় মিলনায়তনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, র্যাব-৬ খুলনার সিও অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব প্রমুখ।