পৌর বাজারের ময়লা তিতাসে, দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভার হোমনা বাজারটির ময়লা-আবর্জনা পাশের তিতাস নদসহ যেখানে-সেখানে ফেলা হচ্ছে। এতে নদের পানি দূষিত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা না সরিয়ে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জানতে বর্তমান মেয়র হারুন মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ জামিল বলেন, ‘আমার জানামতে পৌরসভার ময়লা ফেলার জন্য একটি স্থান রয়েছে। তবে সেটি চালু রয়েছে কি না, জানা নেই। বাজারের ময়লা ফেলে তিতাস নদ ভরাট ও পানি দূষণ করলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসায়ীরা বলেন, ২০০২ সালে হোমনা পৌরসভা গঠিত হয়। সাপ্তাহিক হাট বসে পৌরসভায়, এমন একটি বাজার হোমনা। এখানে ছোট-বড় প্রায় এক হাজার দোকান রয়েছে। কারারকান্দি এলাকায় পৌরসভার নির্ধারিত ময়লা ফেলার একটি স্থান থাকলেও বাজারের প্রতিদিনের ময়লা-আবর্জনা সেখানে সরিয়ে নেওয়া হচ্ছে না। ব্যবসায়ীরা নিজেরা তিনজন ঝাড়ুদার নিয়োগ করে ময়লা-আবর্জনা পরিষ্কার করান। বাজারটি তিতাস নদের পাড়ে হওয়ায় ময়লাগুলো নদের মধ্যে ফেলা হচ্ছে। এতে পানি দূষিত হচ্ছে।
হোমনা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য চন্দন লাল রায় বলেন, পৌর কর্তৃপক্ষ বাজারের ময়লা-আবর্জনা সরায় না। সব আবর্জনা তিতাস নদে ফেলায় এর পানি দূষিত হচ্ছে। এ বিষয়ে পৌরসভা বা উপজেলা প্রশাসন কেউই পদক্ষেপ নেয়নি।
সরেজমিনে গত রোববার দেখা যায়, বাজারের ভেতরে তিনটি নালা রয়েছে। ময়লা-আবর্জনায় ভরে গিয়ে এসব নালা প্রায় বন্ধ হয়ে গেছে। বাজারের উত্তর দিকে তিতাস নদের মধ্যে আবর্জনা ফেলা হচ্ছে। এতে নদ ভরাট হচ্ছে। বাজারের ব্যবসায়ীদের পণ্য ওঠানো-নামানোর জন্য নদের একমাত্র ঘাটের দুই পাশেও আবর্জনা ফেলা হচ্ছে। বাজারের পূর্বদিকেও ময়লা ফেলা হচ্ছে।
বাজারের ঝাড়ুদার আয়েশা বেগম বলেন, ‘কাছে নদী হওয়ায় ময়লা নদীতে ফেলা হচ্ছে। পৌরসভার কোনো লোক ময়লা-আবর্জনা নেয় না।’
ব্যবসায়ী অজিত রায় বলেন, বাজারের পূর্ব পাশে খোলা জায়গায় ও উত্তর পাশে নদের ধারে ময়লা ফেলা হয়। এতে পানি দূষিত হচ্ছে।