পৌর মেয়র, সচিবের আত্মীয়কে ঠিকাদার নিয়োগ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় বলা হয়েছে, পৌরসভার মেয়র, সচিব ও প্রকৌশলীরা নিজেদের আত্মীয়-বন্ধু ও পরিচিতদের জলবায়ু প্রকল্প বাস্তবায়নের ঠিকাদার নিয়োগ দিয়েছেন। প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুবিধা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে সচ্ছল ব্যক্তিদের।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়িত ছয়টি প্রকল্পের ওপর করা গবেষণায় এসব তথ্য রয়েছে। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই গবেষণার ফল তুলে ধরা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জলাবদ্ধতার মতো মনুষ্যসৃষ্ট সমস্যাকে জলবায়ু পরিবর্তন দেখিয়ে প্রকল্পের অর্থ ব্যয় করা হয়েছে। প্রকল্পের উপকারভোগী হওয়া ও ঠিকাদার নিয়োগ পাওয়ার ব্যাপারে আর্থিক লেনদেনেরও অভিযোগ রয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়িত ১০৮টি প্রকল্পের মধ্যে ছয়টিকে নির্বাচন করে তার সুশাসন নিয়ে টিআইবি গবেষণাটি করেছে। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে পর্যবেক্ষণ, একক ও দলীয় আলোচনাসহ নানা পদ্ধতি ব্যবহার করে গবেষণাটি করা হয়েছে। টিআইবি বলেছে, জলবায়ু তহবিলের আওতায় যেসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোতে ট্রাস্টি বোর্ডের সদস্যদের একাংশের এলাকায় বরাদ্দ প্রাধান্য পেয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে কোনো ধরনের ঝুঁকিতে নেই এমন এলাকায়ও প্রকল্প অনুমোদনের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, জলবায়ু তহবিলের টাকা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দ্রুত ট্রাস্টি বোর্ড পুনর্গঠন জরুরি। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব নেই এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক এ এস এম জুয়েল ও উপকর্মসূচি ব্যবস্থাপক নাহিদ শারমিন।

প্রকল্পগুলো নেওয়ার যৌক্তিকতা, জন-অংশগ্রহণ, সংগতি, স্বচ্ছতা, ন্যায্য বণ্টন, কার্য সম্পাদন, দক্ষতা, জবাবদিহি ও শুদ্ধাচার—এই আটটি সূচকের আলোকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। নিজস্ব নীতিমালার কারণে প্রকল্পগুলোর নাম ও কোন কোন জেলায় বাস্তবায়িত হচ্ছে, প্রতিবেদনে তা প্রকাশ করেনি টিআইবি।

সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, জলবায়ু তহবিলের টাকা মানুষের করের টাকা। এই টাকা ব্যবহারে যতটা স্বচ্ছতা ও সদিচ্ছার প্রতিফলন থাকার কথা ছিল, দুঃখের বিষয় যে তার ছিটেফোঁটাও পাওয়া যায়নি। তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত এই তহবিল যাতে রাজনৈতিক বিবেচনায় ব্যবহৃত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন তহবিলের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। উন্নত বিশ্বের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না প্রতিশ্রুত অর্থ পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত জলবায়ু পরিবর্তন তহবিল রাখতে হবে। এই তহবিলে বরাদ্দ বাড়াতে হবে। এই তহবিল নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র বিরোধী রাজনৈতিক দলের হওয়ায় একটি প্রকল্পে বরাদ্দ পাওয়ার পরও ওই মেয়রকে সেই টাকা দেওয়া হয়নি। পরে প্রকল্প পরিচালক পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কর ও মূসক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে একটি প্রকল্পে। একটি প্রকল্পে জেলা পরিষদের অনুমতি না নিয়ে পরিষদের জমিতে বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদ থেকে আপত্তি তোলার পর এখন ওই স্কুলের শিক্ষকেরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। অন্য একটি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জমির মালিককে জানানোই হয়নি। তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ফলে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত কাজ শেষ না করেই প্রকল্পের ইতি টানে স্থানীয় সরকার বিভাগ। একটি প্রকল্পে জলবায়ু তহবিলের টাকায় অন্য প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করার ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির উপনির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক রফিকুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।