পৌর মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুরের শ্রীপুর পৌর মেয়রসহ তিন কর্মকর্তাকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে পৌর করের ৫২ লাখ তিন হাজার ৩১২ টাকা সরকারি তহবিলে সময়মতো জমা না দেওয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম শ্রীপুর থানায় মামলাগুলো করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, সাবেক পৌর সচিব ও বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভায় কর্মরত মাশরেকুল আলম ও পৌরসভার সাবেক হিসাবরক্ষক ও বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আবদুল মান্নান। আনিছুর রহমান দাবি করেন, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
৩৭ নম্বর মামলার এজাহারে বলা হয়েছে, ২০০২-এর নভেম্বর থেকে ২০০৪ সাল পর্যন্ত মেয়র আনিছুর রহমান পৌরসভার রসিদের মাধ্যমে ৯২ হাজার ৯৭৫ টাকা আদায় করে তা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ মামলায় মেয়র একমাত্র আসামি।
৩৮ নম্বর মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৯ সালে বাজার ইজারার ভ্যাট ও ট্যাক্সের সাত লাখ ৩৫ হাজার ২০০ টাকা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। প্রতিবেদনে আত্মসাতের বিষয়টি বেরিয়ে এলে পরে পৌর তহবিলে জমা হয়। ওই মামলায় মেয়রসহ তিনজনকেই আসামি করা হয়েছে।