পৌর শহরের পাশেই বিএনপি নেতার ভাটা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিয়মনীতি উপেক্ষা করে পৌর শহরের পাশে বিএনপি নেতার ইটভাটা স্থাপন করা হয়েছে। এই ইটভাটায় সংরক্ষিত বন থেকে কাঠ এনে দিনরাত পোড়ানো হচ্ছে। প্রশাসনও রয়েছে নিশ্চুপ।
পৌর শহরের বাসিন্দা মো. শাহ আলম বলেন, ‘পৌর শহরের সড়কগুলো ইটভাটার মাটি ও কাঠভর্তি ট্রাক্টরের দখলে। আমাদের ছেলেমেয়েরা এসব ট্রাক্টরের ভয়ে স্কুলে যেতে পারছে না। পৌর শহরের কাছ থেকে ইটভাটা সরানো হলে এসব গাড়ির যাতায়াত কমে যাবে।’
উপজেলা বিএনপির সভাপতি মুন্সি মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার নিজস্ব জমিতে ইটভাটা বসানো হয়েছে। নিয়ম অনুযায়ী নতুন করে চিমনি স্থাপন করা হয়েছে। আগামী পাঁচ বছরে ইটভাটা সরানোর কোনো পরিকল্পনা নেই। তা ছাড়া পৌর শহরের বাইরে জমি পাওয়া যাচ্ছে না। কয়লা দিয়ে ইট পোড়ানো হলে খরচ বেশি তাই কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা যেখানে ইটভাটা বসিয়েছেন, সেখানে বসানোর কোনো নিয়ম নেই। ইটভাটার জন্য মাটি ও কাঠ পরিবহন করা ট্রাক্টরগুলো অবৈধ। শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। এসব ট্রাক্টর রাস্তায় চলাচলের কোনো অনুমতি নেই বলে তিনি জানান।