পৌর শহরের প্রধান সড়কের করুণ অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের এক কিলোমিটার অংশে পিচ উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি সম্প্রতি মঠবাড়িয়া পৌর শহরের ট্রাফিক মোড় থেকে তোলা l প্রথম আলো
পিরোজপুর–মঠবাড়িয়া সড়কের এক কিলোমিটার অংশে পিচ উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি সম্প্রতি মঠবাড়িয়া পৌর শহরের ট্রাফিক মোড় থেকে তোলা l প্রথম আলো

সড়কের পিচ, খোয়া উঠে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। গর্তে রিকশা, অটোরিকশা ও ভ্যানের চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্ষায় সড়কের গর্তে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েক হাজার পথচারী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের।
সড়কটির নাম পিরোজপুর-মঠবাড়িয়া সড়ক। তিন বছর ধরে সড়কটি সংস্কার না করায় মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রস্থল হাইস্কুল সেতু থেকে বহেরাতলা পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত বেহাল হয়ে গেছে। এ কারণে সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী।
পৌর শহরের ব্যবসায়ী শামিম হোসেন বলেন, ‘সড়কটি দেখলে মনে হয় না, এটা পৌর শহরের কোনো রাস্তা। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহালদশা, অথচ কর্তৃপক্ষের সেটিকে সংস্কারের কোনো উদ্যোগ নেই।’
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাইস্কুল সেতুর পশ্চিম পাশে সড়কের পিচ উঠে খোয়া বের হয়ে গর্ত হয়ে গেছে। এ ছাড়া ট্রাফিক মোড়, মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় এক কিলোমিটারজুড়ে সড়কটিতে ছোট-বড় ২০টি গর্ত দেখা গেছে।
রিকশাচালক আবদুস সালাম (২২) বলেন, রাস্তার গর্তে রিকশার চাকা পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ও পরিবহন শ্রমিকেরা বলেন, সড়কটি দিয়ে মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলায় বাস, ট্রাকসহ দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। পিচ-খোয়া উঠে যাওয়ায় বৃষ্টিতে গর্তে পানি জমে রাস্তার মাটি নরম হয়ে গেছে।
উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য রফিকুল ইসলাম (৫১) বলেন, কয়েক বছর আগে পৌরসভা সড়কটি সংস্কার করেছিল। সে সময় কাজের মান নিম্ন হওয়ায় এক বছরের মধ্যে রাস্তার পিচ উঠে গর্ত হয়ে যায়।
সড়কটির ব্যাপারে মঠবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক বলেন, ‘পিরোজপুর-মঠবাড়িয়া সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হওয়ায় পৌরসভা ইচ্ছা করলেই সংস্কার করতে পারে না। ২০১০-১১ অর্থবছরে পৌরসভা সওজের অনুমতি নিয়ে রাস্তাটি সংস্কার করেছিল। বর্তমানে পৌরসভার তহবিলে টাকা না থাকায় আমরা সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে পারছি না।’
যোগাযোগ করা হলে সওজের পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই সড়কটি সংস্কার করা হবে।’