পৌরকর বাড়ানোর নোটিশ, চিন্তিত না হতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে ২ হাজার ৫৫৫ টাকা পৌরকর দিয়েছেন আইনজীবী মাহবুবুল হাছান। তবে পৌরসভা সম্প্রতি নোটিশ পাঠিয়ে বলেছে, ২০১৬-১৭ সালে তাঁকে কর দিতে হবে ৬৯ হাজার ৫০০ টাকা। সে হিসাবে কর বেড়েছে প্রায় ২৭ গুণ। এই নোটিশে বিস্মিত সুনামগঞ্জ শহরের পুরোনো বাসস্টেশন এলাকার এই বাসিন্দা।

শুধু মাহবুবুল হাছান নন, কর বাড়ানোর এমন নোটিশ পেয়েছেন পৌর শহরের অনেকে। পৌরবাসী বলছেন, করের এই হার অস্বাভাবিক। এতে অনেকেই চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে পৌর কর্তৃপক্ষ গত শনিবার শহরে মাইকিং করে ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তি ও মাইকিংয়ে বলা হয়েছে, পৌরসভা আইন-২০০৯ অনুযায়ী পঞ্চবার্ষিক কর নির্ধারণের কাজ চলছে। এর অংশ হিসেবে সরকারের নির্ধারিত হারে প্রাথমিক কর নির্ধারণ করে করদাতাদের নোটিশ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পৌরসভায় কর পুনর্নির্ধারণ না করায় প্রাথমিকভাবে তাঁদের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কর পুনর্মূল্যায়ন কমিটিতে আপত্তি জানানোর সুযোগ রয়েছে।

পৌরসভা সূত্র বলছে, প্রথম শ্রেণির পৌরসভা সুনামগঞ্জে আবাসিক, বাণিজ্যিক ও মিশ্র করদাতা রয়েছেন প্রায় নয় হাজার। প্রতি পাঁচ বছর অন্তর কর পুনর্নির্ধারণের কথা থাকলেও এ পৌরসভায় দীর্ঘ ২০-২৫ বছর তা করা হয়নি। এবার ২০০৯ সালের পৌর আইন অনুযায়ী প্রাথমিক কর নির্ধারণ করা হয়েছে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের মাসিক ভাড়া চার টাকা ও বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে সাড়ে ছয় টাকা ধরা হয়েছে। সে হিসাবে একটি ভবনের যে ভাড়া আসে তার ২৫ শতাংশ সংস্কার খরচ বাবদ বাদ দিয়ে বাকি টাকার ওপর ১৭ শতাংশ কর ধরা হয়েছে। দীর্ঘদিন পর কর পুনর্নির্ধারণ করায় নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের কাছে তা অস্বাভাবিক মনে হচ্ছে। তবে ৫০ টাকার নির্ধারিত ফরমে কর পুনর্মূল্যায়ন কমিটির কাছে এ বিষয়ে আপত্তি জানানো যাবে।

শহরের হাসননগর এলাকার বাসিন্দা আবদুল আজিজের গত বছরের কর ছিল ২১০ টাকা। এবার তিনি ২ হাজার ৪০ টাকার নোটিশ পেয়েছেন। একই এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান গত বছর কর দিয়েছেন ৫১০ টাকা। এবার তাঁকে ২৩ হাজার ১৩৩ টাকা কর দিতে হবে বলে নোটিশ দেওয়া হয়েছে। নোমান বলেন, ‘পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, সম্প্রতি নাগরিকদের যে নোটিশ দেওয়া হয়েছে সেটি স্থগিত করে সবার সঙ্গে আলোচনা বা মতবিনিময় করে যেন পৌরকর পুনর্নির্ধারণ করা হয়।’

আইনজীবী মাহবুবুল হাছান শাহীন প্রথম আলোকেবলেন, ‘মানুষজন সত্যিই আতঙ্কিত। পৌর কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও বলেছে, এটা অস্বাভাবিক। কিন্তু এই কর অনেকের পক্ষেই দেওয়া সম্ভব নয়।’

সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, এটি চূড়ান্ত নয়। মেয়র চাচ্ছেন কোনো অবস্থাতেই যেন নাগরিকেরা করকে বোঝা মনে না করেন। সে জন্যই এ নিয়ে আতঙ্কিত না হতে শহরে মাইকিং করা হয়েছে ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও মনে করি, অনেকেরই এই কর দেওয়ার সামর্থ্য নেই। এ জন্য আপত্তি জানানোর সুযোগ আছে। আপত্তি জানালে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে।’

২৯ আগস্ট সভা: সুনামগঞ্জ পৌরসভায় ‘অস্বাভাবিক’ হারে কর বাড়ানোর বিষয়ে করণীয় নির্ধারণ করতে ২৯ আগস্ট সোমবার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে। সমিতির ভবনে বেলা দুইটায় এই সভা হবে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শেরেনূর আলী বলেন, ‘অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধি করায় শহরজুড়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পৌর নাগরিকেরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। তাই এ বিষয়ে করণীয় নির্ধারণে আমাদের আইনজীবী সমিতি মতবিনিময় সভায় আয়োজন করেছে।’