পৌরসভার মধ্যে ইট পুড়ছে, এর পাশেই বিদ্যালয়, বসতি। বসতির মধ্যে মাঠে বিক্রি হচ্ছে বালু-পাথর। ধুলাবালু উড়িয়ে দেদার চলছে ইট-বালুবোঝাই ট্রাক। এতে ধুলাবালুতে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। রাস্তার দুই পাশে পরিত্যক্ত ভাগাড় (ডাস্টবিন)। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থাও সেভাবে গড়ে ওঠেনি। সড়কগুলোও বেহাল। এমনই চিত্র ভোলার বোরহানউদ্দিন পৌরসভার।
পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, এটা নামেই পৌরসভা। এখানে পৌরবাসী তেমন কোনো নাগরিক সুবিধা পাচ্ছেন না।
পৌরসভা সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবা, বড় মানিকা ও সাচড়া ইউনিয়নের ৩ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৯৯৭ সালে বোরহানউদ্দিন পৌরসভা গঠিত হয়। ২০০৬ সালে এটি ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে এবং গত ফেব্রুয়ারিতে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। এখানে প্রায় ১৮ হাজার মানুষের বসবাস।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর ওয়ার্ডের ছোট মানিকা, চরগাজীপুর; ১ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়া; ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া, উত্তর বাসস্ট্যান্ড, বড় মানিকা, গার্লস স্কুল সড়ক; ৪ নম্বর ওয়ার্ডের সুতারকান্দি, পক্ষীয়া, রানীগঞ্জ সড়ক, পঞ্চায়েত বাড়ি ও ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বেশির ভাগ এলাকায় বিস্তীর্ণ ধানখেত। এসব এলাকায় নতুন বসতি গড়ে উঠলেও সড়ক নেই। অনেক বাড়িতে বিদ্যুৎ নেই।
৭ ও ৮ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে মাঠ। সদর রোড, ওয়েস্টার্নপাড়া ও উপজেলা সড়কে গ্যাসের সংযোগ ও নর্দমার কাজ চলছে। শহরজুড়ে ধুলাবালু উড়ছে। সদর রোড, উপজেলা সড়ক, রানীগঞ্জ সড়কসহ বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা। কোথায়ও সেতু আছে, কিন্তু সংযোগ সড়ক নেই। পারাপারের জন্য অনেক বাড়ির সামনে সুপারিগাছের সাঁকো। অনেক বাড়ির শৌচাগারের পাইপ খালের সঙ্গে যুক্ত। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউসুফ বাজারের পাশে পৌরসভার অর্থায়নে পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশের এক ভাটায় পোড়ানো হচ্ছে ইট।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিজল হক বলেন, তাঁদের এলাকার অনেক জায়গায় এক মাস আগে বিদ্যুতের তার টানা শুরু হয়েছে। তাঁদের ওয়ার্ডে এক হাজার পরিবারের মধ্যে ৫০টি পরিবার বিদ্যুৎ পেয়েছে। এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকৌশলী আকিব, ৭ নম্বর ওয়ার্ডের ফজলুল হক, ৯ নম্বর ওয়ার্ডের মো. মিন্টু, মেসবাহ উদ্দিনসহ কয়েকজন বলেন, পৌরবাসীর করের বোঝা বাড়লেও দুর্ভোগ কমেনি। মানুষের কর্মসংস্থানের তেমন সুবিধা এখানে নেই। বর্ষাকালে হাঁটুপানি ও কাদা মাড়িয়ে চলতে হয়। অনেক এলাকায় নালা না থাকায় বর্ষায় জলাবদ্ধতা দেখা দেয়। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় মশার উপদ্রব বেড়েছে। পয়োনিষ্কাশনের অবস্থাও খুবই নাজুক।
পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পৌরসভায় প্রায় ৪৪ কিলোমিটার প্রধান সড়ক আছে। এর মধ্যে ২৪ কিলোমিটার পাকা। ২০ কিলোমিটার কাঁচা। আরও ৩০ কিলোমিটার সড়ক দরকার। এ ছাড়া ১২ কিলোমিটার পাকা নালা করা হচ্ছে।
আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘আমি গত নির্বাচনের প্রতিশ্রুতির ৮০ ভাগ পূরণ করেছি। নির্বাচিত হলে পৌরবাসীর অভিযোগ থাকবে না। সব চাহিদা পূরণ করা হবে।’ বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামান ওরফে কবির বলেন, ‘নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা উপহার দেব। সব নাগরিক সেবা পৌঁছে দেব দ্বারে দ্বারে। কেউ বঞ্চিত হবে না।’