পৌরসভা নির্বাচনে ভোটারের সচেতনতায় এবার সিলেটের গোলাপগঞ্জে ‘নির্বাচনী গান’ পরিবেশন করেছে সামাজিক সংগঠন ‘মৌচাক’। গতকাল শুক্রবার বেলা তিনটায় গোলাপগঞ্জ পৌর এলাকার কেন্দ্রস্থল চৌমোহনীতে প্রায় ৪০ মিনিট চলে এ অনুষ্ঠান।
‘আবার দেশে আইল রে পৌর ইলেকশন/ ভোটকেন্দ্রে ভোট দেবে দেশের জনগণ...’ এমন ছন্দ-কথার গীত পরিবেশনার কৌশলে মৌচাকের অনুষ্ঠান সাধারণ দর্শকেরা উপভোগ করেন।
সিলেটের ৫০ জন উদ্যোগী তরুণের সংগঠন মৌচাক গত ২৭ নভেম্বর কুমারগাঁও বাসস্টেশনে ‘মৌচাকের কাব্য-গীত’ পরিবেশনার মধ্য দিয়ে ভোটার সচেতনতামূলক অনুষ্ঠান শুরু করে। মৌচাকের সংগঠক রাশেদ আহমদ বলেন, এবার প্রথম দলীয় প্রতীকে ভোট হওয়ায় তাঁরা মাসব্যাপী সচেতনতামূলক এ কর্মসূচি হাতে নিয়েছেন। তাঁদের এ পরিবেশনার মূল উদ্দেশ্য সাধারণ জনগণকে সুষ্ঠু ভোটাধিকার সম্পর্কে সচেতন করে তোলা।
কুমারগাঁও বাসস্টেশনে কাব্যগীত পরিবেশনের পাশাপাশি জনসচেতনতামূলক তথ্য প্রচারও করা হয়। গতকাল গোলাপগঞ্জে মৌচাকের দ্বিতীয় পরিবেশনার শুরুতে ‘নির্বাচনী প্রতিবেদন’ পাঠ করেন অনুষ্ঠান উপস্থাপক রাশেদ আহমদ। এতে প্রথমবারের মতো রাজনৈতিক দলের প্রতীক-সংবলিত ভোট এবং এ থেকে যোগ্য প্রার্থী বাছাই করে নেওয়ার জন্য ১৫৮ লাইনের নির্বাচনী গান পরিবেশন করা হয়। একটানা ১৩ মিনিটের এ পরিবেশনার পর সচেতন দর্শক অংশগ্রহণ পর্ব কুইজ ও বাউল গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
গোলাপগঞ্জে নির্বাচনী গান পরিবেশনায় অনুষ্ঠান সঞ্চালক রাশেদের সঙ্গে সহায়তা করেন মৌচাকের সদস্য সোহাগ, সুয়েব, আতিকুর, মকদ্দুছ, সাজ্জাদ, সাদিক ও মাসুম। ৩০ ডিসেম্বর ভোটের আগ পর্যন্ত প্রতি শুক্রবার মৌচাকের এমন পরিবেশনা সুনামগঞ্জসহ সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ পৌর এলাকায় পর্যায়ক্রমে হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।