পৌরবাসীর দুঃখ সড়ক

দীর্ঘদিন সংস্কার না করায় কুমিল্লার দাউদকান্দি পৌর শহরের প্রধান সড়কটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা হয়। ফলে সড়কটি দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, সড়কটি সওজের অধীন। কিন্তু এটির মেরামতের কাজটি করে পৌরসভা। ২০১১ সালের দিকে এটি সর্বশেষ সংস্কার করা হয়। এরপর আর করা হয়নি।
মেয়র আবদুছ ছাত্তার বলেন, সড়কটি সংস্কারের জন্য কার্যাদেশ হয়েছে। এক পাশ দিয়ে পয়োনিষ্কাশনের নর্দমা তৈরির কাজ শুরু হয়েছে। এক-দেড় মাসের মধ্যে সংস্কারকাজ শুরু করা হতে পারে। কাজটি দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
শহরের অন্তত চারজন বাসিন্দা বলেন, শহরের বিশ্বরোড থেকে টোলপ্লাজা পর্যন্ত রাস্তাটি শহরের প্রধান সড়ক। এটি দিয়ে দাউদকান্দি নদী-পথের মালামাল দেশের বিভিন্ন স্থানে আনা-নেওয়া করা হয়। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, ইঞ্জিনচালিত ট্রলি, ট্রাক্টর, মোটর-সাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটি ও রিকশাসহ তিন শতাধিক যানবাহন চলাচল করে। সড়কটি খানাখন্দে ভরে গেছে। এটি এখন পৌরবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, আড়াই কিলোমিটার সড়কটি শতাধিক ছোটবড় গর্ত রয়েছে। বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমেছে। যানবাহন ও লোকজন কষ্ট করে চলাচল করছে।
পৌরসভার তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, গর্তে আটকানো পানি অপসারণের ব্যবস্থা না থাকায় গর্তগুলো দিন দিন গভীর হচ্ছে।
পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, বিভিন্ন প্রয়োজনে উপজেলা শহরে নিয়মিত যেতে হয়। সড়কের গর্তে যানবাহন বিকল হয়ে যাওয়ার অজুহাতে চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
অটোরিকশার চালক রুহুল আমীন ও দেলোয়ার হোসেন বলেন, ভাঙা সড়ক দিয়ে অটোরিকশা চালাতে গিয়ে দু-এক দিন পরপরই তা বিকল হচ্ছে। বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হয়েছে।