কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার অধিকাংশ নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি এলেই প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতার কারণে পৌরবাসী ভোগান্তির শিকার হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার থানা সড়ক, লামারবাজার, শাপলা চত্বর, বাসস্টপেজ, নিউ গণি মাকেট, লেঙ্গুরবিল সড়ক, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, শাহপরীর দ্বীপ জিপস্টপেজ, কায়ুকখালীয়াপাড়া ও বড় বাজার এলাকার নালা-নর্দমাগুলো ভরাট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
বাসস্টপেজের ব্যবসায়ী ওসমান গণি ও লামারবাজারের ব্যবসায়ী আলী হোসেন জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে নাগরিকেরা পৌরকর নিয়মিত পরিশোধ করলেও কর্তৃপক্ষ পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করেনি।
বাসস্টপেজসংলগ্ন এবি ব্যাংকের সামনের সড়কের পাশে আম বিক্রেতা আমির হোসেন বলেন, ড্রেনের পানি উপচে পড়ায় ও জমে থাকায় পানির দুর্গন্ধের কারণে অনেকে আম কিনতে আসছেন না। অথচ ইজারাদারেরা প্রতিনিয়ত পৌরকর আদায় করছেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, ২০০০ সালে পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এরপর কিছু নালা নির্মাণ করা হলেও সেগুলো পর্যাপ্ত নয়। নালা-নর্দমাগুলো ঠিক সময়ে পরিষ্কার না করার ফলে প্রতিনিয়ত পরিবেশদূষিত হচ্ছে এবং পানি জমে থাকায় ময়লা-আর্বজনা থেকে মশা-মাছির বংশবিস্তার ঘটছে।
টেকনাফ মডেল থানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর প্রায় ১৪ বছর পার হলেও পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল্লাহ মনির পৌরসভার অধিকাংশ নালা-নর্দমা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে স্বীকার করে বলেন, পৌরসভার পানিনিষ্কাশনের নালা-নর্দমাগুলোর বেশির ভাগই ভরাট হয়ে গেছে। চলতি বছর নালা-নর্দমা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভরাট হওয়া নালা-নর্দমা পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।