পৌরসভা আছে, সুবিধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

ভোলার দৌলতখান পৌরসভা গঠিত হয় ১৯৯৭ সালে। এরপর এ পর্যন্ত কর বেড়েছে কয়েক গুণ। কিন্তু পৌরবাসী পাচ্ছে না নাগরিক-সুবিধা। নেই পানি সরবরাহব্যবস্থা। পয়োনিষ্কাশনের ব্যবস্থাও গড়ে ওঠেনি। সড়কগুলো সরু ও বেহাল।
১৯৯৭ দৌলতখান পৌরসভা গঠনের সময় এর আয়তন ছিল ২ দশমিক ৫ বর্গকিলোমিটার। মেঘনার ভাঙনের ফলে বর্তমান আয়তন দাঁড়িয়েছে প্রায় ২ বর্গকিলোমিটারে। এখানে প্রায় ৩০ হাজার মানুষের বাস।
এবার দৌলতখান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন।
গত শনিবার ও রোববার সরেজমিনে গিয়ে ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ১, ২, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মেঘনার ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে। প্রতি বর্ষায় এসব ওয়ার্ডের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ওয়ার্ডে ওয়ার্ডে অপরিকল্পিতভাবে কয়েক মিটার দীর্ঘ ড্রেন রয়েছে। তবে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কয়েকটি সেতুর সংযোগ সড়ক না থাকায় গাড়িগুলো এসব সেতু ব্যবহার করতে পারছে না। স্থানীয় পুকুরগুলোকেই ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে; যত্রতত্র জমে আছে আবর্জনার স্তূপ।
৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজকর্মী মো. ইসমাঈল জানালেন, পৌরসভায় পানির কোনো সরবরাহ নেই। গভীর নলকূপগুলোর অধিকাংশ বিকল। নেই সড়কবাতি। পুকুরগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ড্রেনেজ ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। শহরের রাস্তাঘাট পরিষ্কারে কোনো ঝাড়ুদার নেই। একই ওয়ার্ডের বাসিন্দা নুরনবী স্বপন বললেন, ‘রাতে মশার কামড়ে ঘুমাতে পারি না।’
পৌরবাসীর অভিযোগ, এই পৌরসভার বেশির ভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। অথচ পৌরসভার নাগরিক হিসেবে কোনো সুবিধা না পেলেও করের বোঝা টানতে হচ্ছে।
৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল তালুকদার বলেন, ২০০ টাকার কর বেড়ে এখন ১ হাজার ২৫০ টাকা হয়েছে। অথচ নাগরিক সুবিধা বাড়েনি একবিন্দুও। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদুর রহমানের মতে, প্রায় বস্তিতে পরিণত হওয়া এই পৌরসভায় দরকার পরিকল্পিত আবাসন ব্যবস্থা।
পৌর এলাকার আবু আবদুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, পৌরসভা থেকে বের হওয়ার রাস্তাগুলোর খুবই বেহাল দশা। যেকোনো অসুস্থ মানুষের চলাফেরা করা ভয়াবহ কষ্টের।
পৌর এলাকার আরও কয়েকজন জানালেন, স্থানীয় ঐতিহ্যবাহী স্থানগুলো মেঘনায় বিলীন হয়ে যাচ্ছে। পৌরবাসীকে প্রতিনিয়ত ভাঙন-আতঙ্কে থাকতে হচ্ছে। যেকোনো পৌরসভা গড়ে তোলার আগে সুদূরপ্রসারী পরিকল্পনা ও নকশা করা দরকার, যা এখানে অনুপস্থিত। অথচ পরিকল্পনামতো গড়ে উঠলে মেঘনাতীরের এই শহরটি আধুনিক পর্যটন নগর হয়ে উঠতে পারত।
আধুনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার। কতটা প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর সময়ে ছয় কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। আরও তিন কোটি টাকার কাজের দরপত্র ডাকা হয়েছে। উপকূলীয় শহর রক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নকাজের পরিকল্পনা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন প্রতিরোধে ৬০০ কোটি টাকার প্রকল্প একনেকে জমা দিয়েছে। প্রকল্পগুলো পাস হলে শহরের চেহারা পাল্টে যাবে।
পৌরবাসীর সঙ্গে কথা বলে বোঝা গেল, সব সমস্যা সমাধান করে যিনি দৌলতখানকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবেন বলে ভোটাররা আশ্বস্ত হতে পারবেন, তাঁর দিকেই ঝুঁকবেন তাঁরা।