পৌরসভা কার্যালয়ের দাবিতে মানববন্ধন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌরসভার কার্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত রোববার সকালে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ করেন তাঁরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার সবচেয়ে বড় ৭ নম্বর ওয়ার্ড। সেখানে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। এদের মধ্যে শ্রমিকই বেশি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ২ শতাংশ জমিতে একটি শাখা কার্যালয় নির্মাণ শুরু করে। কিন্তু বন বিভাগের চন্দ্রা বিটের কর্মকর্তারা সম্প্রতি কার্যালয়টির নির্মাণকাজ বন্ধ করে দেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই জায়গায় নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এর প্রতিবাদে এবং কার্যালয়টি স্থাপনের দাবিতে রোববার এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধন করেন।
সূত্রটি আরও জানায়, ৭ নম্বর ওয়ার্ডে পৌরসভার কোনো কার্যালয় না থাকায় ছোটখাটো প্রয়োজনেও তাঁদের কালিয়াকৈরের লতিফপুর ছুটতে হয়। এ বিড়ম্বনা এড়াতে এখানে একটি কার্যালয়ের জন্য তাঁরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পৌরসভার মেয়র মজিবুর রহমানের হস্তক্ষেপ কামনা করেন। পরে পৌর কর্তৃপক্ষ এখানে একটি কার্যালয় নির্মাণের কাজ শুরু করে।
চন্দ্রা বিট কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘ওই জমিটা বন বিভাগের। এ জমি কাউকে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। বর্তমানে ওই জমির ওপর ১৪৪ ধারা জারি রয়েছে।’