পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হলে রাঙামাটি পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন পাঁচজন মেয়র পদপ্রার্থী।

গতকাল বুধবার রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পাঁচ মেয়র পদপ্রার্থী এ অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত মেয়র পদপ্রার্থী গঙ্গা মানিক চাকমা উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি চাঁদ রায়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী বলেন, ‘আমি নির্বাচিত হলে রাঙামাটি পৌরসভাকে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলব। এ ছাড়া পৌরবাসীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিতে কাজ করে যাব।’

বিএনপির প্রার্থী মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘গত পাঁচ বছরে পৌরসভার উন্নয়নে সরকারের সহযোগিতা পাইনি। তবে বিভিন্ন সহযোগী সংস্থার কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছি। সেই চেষ্টার সফলতা দেখেছি শেষ সময়ে এসে। আবার নির্বাচিত হলে আধুনিক পৌরসভার যে পরিকল্পনা নিয়েছি, তা বাস্তবায়ন করতে পারব।’

জাতীয় পার্টির প্রার্থী শিবু প্রসাদ মিশ্র বলেন, ‘মেয়র নির্বাচিত হলে আপনাদের পাশে থাকব। বিশেষ করে গরিব মানুষের পাশে থাকব। রাঙামাটি শহরকে সুন্দর ও মানুষের বাসযোগ্য করে গড়ে তুলব।’

স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল আলম বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দলমত-সম্প্রদায় সবকিছুর ঊর্ধ্বে উঠে অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাব। জনগণের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব।’

স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে বলেন, ‘নির্বাচিত হলে রাঙামাটিকে আধুনিক পরিচ্ছন্ন পর্যটন শহর হিসেবে গড়ে তুলব।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাকের সদস্য আইনজীবী সুস্মিতা চাকমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।