পৌরসভার আবর্জনায় পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌরসভার আবর্জনায় রেলওয়ের সরকারি একটি পুকুর ভরাট হয়ে​ গেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নরসিংদী পৌরসভার আবর্জনায় রেলওয়ের সরকারি একটি পুকুর ভরাট হয়ে​ গেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নরসিংদী পৌরসভার আবর্জনায় রেলওয়ের সরকারি একটি পুকুর ও জলাশয় ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। শহরের বিলাসদী এলাকায় শিল্পকলা একাডেমী সড়কে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের পাশে এ আর্বজনা ফেলা হচ্ছে।
তবে পৌর মেয়র কামরুজ্জামান বলেন, ‘চেম্বার ভবনের পাশে পৌরসভার লোকজনের কেউ ময়লা-আবর্জনা ফেলে না। এগুলো ব্যক্তিগত মালিকানাধীন কয়েকটি সংগঠন ফেলছে। এখানে ময়লা ফেলতে আমিও নিষেধ করেছি।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন মাস ধরে পৌর এলাকার ভেলানগর ব্যাংক কলোনি, ছায়াবিথী, আজিজ বডিং, চিনিশপুর, পশ্চিম ব্রাহ্মন্দী, দাসপাড়া, বিলাসদী মহল্লার ময়লা-আবর্জনা চেম্বার ভবনের পাশে রেলওয়ের সরকারি পুকুর ও জলাশয়ে ফেলছেন পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ময়লা সরবরাহকারীরা। এতে একদিকে যেমন দুর্গন্ধ ছড়িয়ে দুর্ভোগে পড়ছেন পথচারীরা, অন্যদিকে ভরাট হচ্ছে পুকুর ও জলাশয়টি।
সরেজমিনে দেখা যায়, শিল্পকলা একাডেমী সড়কের শেষ মাথায় একপাশে জলাশয় এবং অন্যপাশে একটি বিরাট পুকুর। মধ্যে ছোট কালভার্ট। ময়লার কারণে কালভার্ট দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে।
গত মঙ্গলবার ও বুধবার দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত চেম্বার ভবনের পাশে অবস্থান করে দেখা যায়, বেলা পৌনে একটার দিকে এক যুবক ভ্যান ভর্তি ময়লা এনে পুকুরে ফেলছেন। তখন কাছে গিয়ে পুকুরে ময়লা ফেলার কারণ জিজ্ঞাসা করলে নিজেকে আকাশ মিয়া নামে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘শুধু আমি একলা ময়লা ফালাইনা। এইখানে আরও চার পাঁচটি গাড়ি (ভ্যান) ময়লা ফালায়। আর আমগোরে কইলে লাভ হইব কি; আমরা তো হুকুমের গোলাম। আমগোর যেইখানে নির্দেশ সেইখানেই ময়লা ফালাই।’ সে ভেলানগর এলাকার ডিশ বুলবুলের নিয়ন্ত্রণে কাজ করে বলে জানায়।
একটু পরই ভ্যানভর্তি ময়লা নিয়ে আসেন রেহেনা বেগম (৫০) নামের এক মহিলা। একই প্রশ্ন তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি বামুন্দীর (ব্রাহ্মন্দী) শরিফ সওদাগরের আন্ডারে কাম করি। শরিফ সওদাগর পৌরসভার মেয়রের কাছ থেইকা ময়লা ফালানোর কাম লিজ আনছে। প্রত্যেক দিন আমি তিন ভ্যান ময়লা ফালাই। মাসে দুই হাজার ট্যাকা দেয়।’
এ ব্যাপারে শরিফ সওদাগর প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আপনি মেয়রের সঙ্গে কথা বলেন। আর চারপাশে আবর্জনা ফেলার কোনো জায়গা নাই। তাই আপাতত চেম্বার ভবনের পাশে ফেলা হচ্ছে।’
এখানে ময়লা ফেলার কোনো বাধানিষেধ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ময়লা না ফেলার বিষয়ে মৌখিক কিংবা লিখিত কোনো আদেশ পাইনি।’
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্গন্ধে চেম্বার ভবনে বসার উপক্রম নেই। এই সড়ক দিয়ে চলাচল করতে হলে নাকে রুমাল ছাড়া উপায় নেই।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, আইনশৃঙ্খলা বৈঠকসহ বিভিন্ন সময় শিল্পকলা সড়কে ময়লা-আবর্জনা না ফেলার জন্য পৌর কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।