পৌরসভার প্রধান সড়ক বেহাল
পাবনার বেড়া পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর বেশির ভাগ অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বলে পৌর কর্তৃপক্ষ এটি মেরামতের উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে সওজের পক্ষ থেকে এটি মেরামত তো দূরের কথা, খোঁজখবর পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে বেড়া পৌরবাসী।
পৌরবাসী জানান, বেড়া একটি প্রথম শ্রেণির পৌরসভা। এ পৌরসভার এই প্রধান সড়কটি বেড়া বাসস্ট্যান্ড থেকে কাদের ডাক্তারের মোড় হয়ে ডাকবাংলোয় গিয়ে শেষ হয়েছে। বেড়া পৌর শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটিই একমাত্র ভরসা। দীর্ঘদিনেও এ সড়কটির বিকল্প বা বাইপাস আর কোনো সড়ক গড়ে ওঠেনি।
সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়কটির চেয়ে পৌরসভার অভ্যন্তরীণ পাকা রাস্তাগুলোর অবস্থা অপেক্ষাকৃত ভালো। খোঁজ নিয়ে জানা গেছে, অভ্যন্তরীণ রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হলে পৌরসভার পক্ষ থেকে দ্রুতই মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এমনকি পৌরসভার উদ্যোগে বেশ কয়েকটি নতুন পাকা রাস্তাও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অথচ পৌরসভার প্রধান সড়কটি মেরামতে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগই নেই।
ঘুরে দেখা গেছে, প্রধান সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। পৌরবাসীর অভিযোগ, নির্মাণের পর থেকে এ সড়কটির তেমন কোনো সংস্কার হয়নি বললেই চলে। তবে পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে খোয়া, সুরকি ও বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে। তবে তাতে তেমন কাজ হয়নি।
প্রধান সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশটি হলো ফকির ফ্লাওয়ার মিল-সংলগ্ন এলাকা। এরপরই রয়েছে কাদের ডাক্তারের মোড়, পাটপট্টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশ। এ চারটি অংশসহ প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো কয়েক দিন আগে খোয়া, সুরকি ও বালু ফেলে কোনোরকমে ভরাট করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে এই অংশগুলো আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সওজের পাবনা ও বেড়া পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধান সড়কটি পৌরসভার মধ্যে হলেও এর রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব সওজের। বছর ছয়েক আগে সওজ এই সড়কটির ব্যাপক সংস্কার করে। ওই সময় থেকে এটি মিনি বিশ্বরোডের অংশ বলে এলাকায় পরিচিত। কিন্তু এরপর গত ছয় বছরে সওজ আর এই সড়কটির দিকে কোনো দৃষ্টি দেয়নি। ফলে দিন দিন এটির অবস্থা খারাপ হয়েই চলছে।
বেড়া পৌর এলাকার রিকশাচালক আবদুল মুন্নাফ বলেন, ‘আমাগরে পৌরসভা ভিতরে ফিটফাট। বাইরে সদর ঘাট। পৌরসভার ভিতরের রাস্তা ভালো হলিউ মেইন রাস্তাডা এক্কেরে চলাচলের অযোগ্য। এই রাস্তায় রিকশা চালাব্যার যায়া রিকশার বারোটা বাইজ্যা যাত্যাছে।’
বেড়া বাজারের হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘আমি হার্টের রোগী। রাস্তার অবস্থা এতই খারাপ যে রিকশায় যাতায়াতের সময় ভালো মানুষেরই শরীর ব্যথা হয়ে যায়। আর আমার মতো অসুস্থ মানুষের কী অবস্থা হয়, তা কেমনে বোঝাই।’
এ ব্যাপারে বেড়া পৌর মেয়র আবদুল বাতেন বলেন, ‘প্রধান সড়কটি বেহাল হয়ে পড়লেও এটি মেরামতের এখতিয়ার আমাদের নেই। এর রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব সওজের। তাদের অবহেলায় সড়কটির এমন দশা। অথচ এর রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব পৌরসভার ওপর দেওয়া হলে আমরা এটিকে ভালো মানের একটি সড়ক করে রাখতে পারতাম। সে অর্থ ও সামর্থ্য আমাদের রয়েছে।’
সওজের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘মাধপুর থেকে সাঁথিয়া হয়ে বেড়া পৌরসভার ফকির প্লাজা পর্যন্ত সড়ক মেরামতের কার্যাদেশ দেওয়া হয়েছে। এতে বেড়া পৌরসভার প্রধান সড়কটির বেড়া বাসস্ট্যান্ড থেকে ফকির প্লাজা পর্যন্ত অংশটি শিগগিরই মেরামত হয়ে যাবে। বাকি দেড় থেকে দুই কিলোমিটার অংশের মেরামত পরে করা হবে। আর ওই সড়কটি পৌরসভায় হস্তান্তরের ব্যাপারে কোনো প্রস্তাব আমরা পাইনি। পেলেও সেটি দেখার এখতিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।’