পৌরসভার প্রধান সড়কটির এক দশকেও সংস্কার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের কার্পেটিং উঠে ওই পথে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে পানিতে ভরে যায় এসব খানাখন্দ। তখন ৬০০ মিটার দীর্ঘ ওই রাস্তায় চলা হয়ে পড়ে আরও কঠিন।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহীদ ডা. জিকরুল হক সড়কটি ১০ বছর ধরে সংস্কার হচ্ছে না।
এলাকার বাসিন্দা খালিদ হোসেন বলেন, এটি শহরের প্রধান সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। তা ছাড়া, পাশের নর্দমাগুলো ভরাট হয়ে যাওয়ায় নোংরা পানি উপচে সড়কে চলে আসে। পিচঢালা পথে পানি জমে থাকায় এর কার্পেটিং উঠে যাচ্ছে। আর ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে খানাখন্দ। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সড়কসংলগ্ন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আরমান হোসেন বলেন, দিনের বেলায় এই সড়কে ভারী যানবাহন চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয় না। দিনে দূরপাল্লার বাস না চললেও ট্রাক, কাভার্ড ভ্যানসহ মালবাহী ভারী যানবাহন চলে। এতে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠছে।
সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক ওয়াজ নবী স্বীকার করেন, দিনের বেলায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানতে চান না ব্যবসায়ীরা। ওই সড়কে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান, ট্রান্সপোর্ট কার্যালয়ের গুদামঘর ও পার্সেল কার্যালয় রয়েছে। ফলে ভারী যানবাহন প্রবেশ করে মালামাল লোড-আনলোড করে। তিনিও স্বীকার করেন, ভারী যানবাহন চলাচল করায় রাস্তার অবস্থা দিন দিন নাজুক হচ্ছে।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘রাস্তাটি গুরুত্বপূর্ণ। এ সড়কে যেমন অনেক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, তেমনি আছে ব্যাংক-বিমা কার্যালয়। রাস্তাটি সংস্কারের জন্য পৌর মেয়রের কাছে চিঠি দিয়েছি।’ সর্বশেষ গত রোজার মাসেও পৌরসভায় চিঠি দেওয়া হয় বলে জানান তিনি।
সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের সঙ্গে কথা হয় গতকাল মঙ্গলবার। তিনি বলেন, এরই মধ্যে সড়কটি সংস্কারে একটি প্রাক্কলনও তৈরি করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কার করা হবে। এ জন্য ব্যয় হবে ১ কোটি টাকা। ৪২ ফুট চওড়া রাস্তাটি সংস্কারকাজ বাস্তবায়ন করবে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সার্ভিসেস প্রজেক্ট (এসজিএসপি)। শিগগিরই এ সংস্কারকাজ শুরু হবে বলে জানান তিনি।
পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, ‘মূলত ঈদের কারণে রাস্তার সংস্কারকাজে দেরি হয়েছে। জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত।’ শিগগিরই রাস্তাটি সম্প্রসারণসহ মেরামতকাজ শুরু হবে বলে জানান তিনি।