পৌরসভার বর্জ্যের আগুনে প্রাণ গেল ২৫টি গাছের

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর শৈলখালী সেতুর পূর্ব পাশে ছয় মাস ধরে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। দুর্গন্ধ প্রতিরোধে এসব বর্জ্যে জ্বালানো আগুনে পুড়ে সড়কের পাশের ২৫টি গাছ মরে গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন গতকাল রোববার বলেন, ‘পৌরসভায় আবর্জনা ফেলার স্থান নেই। বিভিন্ন স্থানে ফেলে রাখা আবর্জনা ও বর্জ্য সংগ্রহ করে এনায়েতপুর এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় ফেলা হয়। বর্জ্যে আগুন দেওয়ার কথা আমার জানা নেই। এক্ষুনি আগুন নেভানোর ব্যবস্থা করছি।’
গতকাল সরেজমিনে দেখা যায়, ওই সড়কের উত্তর পাশে আড়াই শ মিটার এলাকাজুড়ে বর্জ্য ফেলা হয়েছে। সেখানে জ্বালানো আগুনের তাপে ও পুড়ে সড়কের পাঁচটি কাঁঠালগাছ ও বিভিন্ন প্রজাতির ২০টি চারা গাছ মারা গেছে। ধোঁয়ায় সড়ক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ছে।
ওই রাস্তায় চলাচলকারী পাঁচজন ছাত্র বলে, দুর্গন্ধমুক্ত করার জন্য লাগানো বর্জ্যের আগুন এখন পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশ দিয়ে যাতায়াতের সময় ধোঁয়ায় চোখে পানি এসে যায়। প্রতিনিয়ত অনেক পথচারীকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রনজিত কুমার দাস বলেন, ‘আমরা এ বিষয়ে প্রতিকার চেয়ে পৌরসভায় অভিযোগ করেছি। কেউ ব্যবস্থা নিচ্ছে না।’ গত ২৬ ডিসেম্বর বর্জ্যের আগুনের শিখা ওপরে থাকা পল্লী বিদ্যুতের তারে লেগে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন বিষয়টি জানিয়েছেন।
পৌর সচিব নুরুল আজম বলেন, ‘আমরা একটি ডাম্পিং স্টেশন করার জন্য পৌর এলাকায় জায়গা খুঁজছি। জায়গা পাওয়া যাচ্ছে না। এ জন্য পৌর এলাকার বিভিন্ন স্থানে আবর্জনা ফেলা হচ্ছে।’