পৌরসভার সড়কজুড়ে গর্ত

দীর্ঘদিন সংস্কার না করায় কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের গাইলকাটা মহল্লার সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে। এ কারণে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, চার বছর ধরে এই পরিস্থিতি বিরাজ করলেও পৌরসভা সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে রিকশা ও অন্যান্য যানবাহনের যন্ত্রাংশও নষ্ট হয়ে যাচ্ছে। গাইলকাটা মহল্লা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অধীন। পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমেদ বললেন, ৩২ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সড়কটি মেরামত করা হবে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় গিয়ে মিলেছে। সড়কের বেশির ভাগ অংশের ইট-সুরকি উঠে গেছে। স্থানে স্থানে সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমেছে।
উসমানপুর উত্তরপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, কুলিয়ারচরের বেশির ভাগ সড়কের অবস্থা ভালো নয়। স্থানীয় লোকজন বলেন, শুধু বর্ষায় না, শুকনো মৌসুমেও সড়কের বেশির ভাগ জায়গায় পানি জমে থাকে। পানি জমে থাকায় প্রায়ই রিকশা ও অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে।
পৌরসভার এক কর্মকর্তা বলেন, ১১ বছর আগে এ রাস্তাটি পাকা করা হয়। তারপর আর কোনো বড় ধরনের সংস্কার করা হয়নি। তবে তিনি এ রাস্তা পাকা করতে কত টাকা খরচ হয় তা বলতে পারেননি।