পৌরসভায় অন্তর্ভুক্তি প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কিছু এলাকা নীলফামারী পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি হয়। এ সময় ইটাখোলা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশের বাসিন্দারা ইউনিয়নটিকে পৌরসভায় অন্তর্ভুক্ত না করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ, ইউপি সদস্য আবদুল কুদ্দুস, মজিবুল হক, সাফিজুল ইসলাম ও আনোয়ার হোসেন।
চেয়ারম্যান হাফিজুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নে সমানভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছে। পৌরসভায় অন্তর্ভুক্ত না হলেও নাগরিক সুযোগ-সুবিধা থেকে এই ইউনিয়নের সাধারণ মানুষ বঞ্চিত হবে না। কিন্তু ইউনিয়নটিকে পৌরসভায় অন্তর্ভুক্ত হলে এলাকার সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়বে। সেই সঙ্গে ভিজিডি, ভিজিএফ, কাবিখাসহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের সব কর্মসূচি থেকেও বঞ্চিত হবে ইউনিয়নের নিম্ন আয়ের লোকজন।
শেষে ইউনিয়নের জনপ্রতিনিধিরা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি নয়টি ওয়ার্ড নিয়ে নীলফামারী পৌরসভার সম্প্রসারিত সীমানা নিয়ে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রসারিত অংশে সদর উপজেলার টুপামারী ও ইটাখোলা ইউনিয়নের অংশবিশেষ অন্তর্ভুক্ত করা হয়।