পৌরসভায় অন্তর্ভুক্তির প্রতিবাদ
নীলফামারী পৌরসভার সম্প্রসারিত অংশে একাধিক ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড সংযুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুন্দপুকুর ইউপির চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী।
শাহজাহান আলী চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সুটিপাড়া, গুড়গুড়ি, কুন্দপুকুর, আরাজী রামকলা, পাটকামুরী ও কুখাপাড়ার আংশিক এলাকা নীলফামারী পৌরসভার সম্প্রসারিত অংশে সংযুক্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়। অথচ এলাকাগুলো নিয়ে আপত্তি রয়েছে সাধারণ মানুষের। এসব এলাকা পৌরসভায় অন্তর্ভুক্ত করা হলে অতিরিক্ত করের বোঝা চাপানোসহ আবাদি জমির ওপরও গড়ে উঠবে আবাসিক এলাকা। ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও কৃষি। কৃষিজীবী ও দিনমজুরদের জীবন-জীবিকার স্বার্থে প্রকাশিত গেজেট থেকে ইউনিয়নটির কর্তন হওয়া ওয়ার্ডগুলোকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন শাহজাহান আলী চৌধুরী।
সম্প্রতি নীলফামারী পৌরসভার সম্প্রসারিত অংশে সদর উপজেলার টুপামারী, ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকা সংযুক্ত করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।