পৌরসভায় পাকা সড়ক দেড় কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটার টিঅ্যান্ডটি মোড়-নবীনপুর সড়কের বেহাল দশা। ওই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে কুয়াকাটা পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কুয়াকাটার টিঅ্যান্ডটি মোড়-নবীনপুর সড়কের বেহাল দশা। ওই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে কুয়াকাটা পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

‘অ্যাহনও মাডির রাস্তা দিয়াই আমাগো হাঁটতে হয়। বর্ষাকালে এই রাস্তার অবস্থা আরও খারাপ অইয়া যায়। আমরা যে পৌরসভার বাসিন্দা, হেইয়াই তো মনে অয় না।’ কথাগুলো বলছিলেন কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম।
পৌরসভার শুধু পাঞ্জুপাড়াই না পশ্চিম কুয়াকাটা, খাজুড়া, নবীনপুর, কচ্ছপখালী, ফাঁসিপাড়াসহ পৌর এলাকার অধিকাংশ সড়কই কাঁচা। গোটা পৌরসভায় মাত্র দেড় কিলোমিটার পাকা সড়ক রয়েছে। পৌরসভা হলেও মেঠোপথ ধরেই স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে হয়। গত বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে পৌর এলাকার মাটির সড়কগুলো এখনো এবড়োখেবড়ো হয়ে আছে।
গত কয়েক দিন সরেজমিনে দেখা গেছে, বাড়ির উঠানে জমে থাকা পানি, কিংবা পৌর এলাকার নিচু জায়গার পানি অপসারণের জন্য পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। গণশৌচাগারগুলোর অবস্থাও করুণ। পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালের কাঁচা বাজার এবং মাছ বাজারের বর্জ্য যত্রতত্র ফেলার কারণে এখানে আসা পর্যটকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।
বাস থামানোর নির্ধারিত কোনো স্থান না থাকায় যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠায় বাসগুলো। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পর্যটকেরা ভোগান্তিতে পড়ছেন।
কুয়াকাটা পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ২০১০ সালে লতাচাপলী ইউনিয়নের ৯ দশমিক ৪ বর্গকিলোমিটার জায়গা নিয়ে নতুন এই পৌরসভা গড়ে ওঠে। পৌরসভায় দেড় কিলোমিটার পাকা সড়ক, নয় কিলোমিটার ইট বিছানো সড়ক, প্রায় নয় কিলোমিটার কাঁচা সড়ক এবং দেড় কিলোমিটার পাকা নালা রয়েছে। দেড় কিলোমিটার সড়কে বাতি লাগানো হয়েছে।
এবার প্রথমবারে মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়াকাটা পৌরসভা নির্বাচন। ভোটারের সংখ্যা ৬ হাজার ৮৪৫। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪৯৫ এবং নারী ৩ হাজার ৩৫০ জন।
নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিভিন্ন রাজনৈতিক দলের ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাঁদের মধ্যে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন সাতজন।
রাখাইন নারী লাচো মাতবর বলেন, ‘আমাগো পাড়ায় ২৫টা ঘর আছে। পাড়ার মধ্যে চলাচলের কোনো রাস্তা নাই। বর্ষাকালে পুরা পাড়াই পানিতে ডুবে থাকে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের কাছে আমরা এসব সমস্যার সমাধান চাই।’
বুলবুল হোসেন বলেন, ‘আমাগো ওয়ার্ডে পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখনো অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নাই। পৌরসভার সব সেবা থেকেই আমরা বঞ্চিত।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়ন ভেঙে কুয়াকাটা পৌরসভা হয়েছে। এ কারণে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। এগুলো কাটিয়ে উঠতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।