পৌরির রজতজয়ন্তী উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক ও নৃত্য পরিবেশনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত রোববার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরি সাহিত্য, তথ্য-গবেষণা ও প্রকাশনাবিষয়ক সংগঠন পৌরির দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শেষ হয়েছে।
গত শনিবার সন্ধ্যা সাতটায় মাধপুর ইউনিয়নের মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রজতজয়ন্তী উৎসব উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল চারটায় ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে রাখাল নৃত্য পরিবেশন করা হয়। রাত আটটায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে অনুষ্ঠিত হয় মণিপুরি ভাষায় মুক্ত আলোচনা পর্ব ‘মুক্তবৈঠক’। রাত ১০টায় মণিপুরি থিয়েটারের শিল্পীরা পরিবেশন করেন মণিপুরি ভাষার নাটক লেইমার।
পৌরির রজতজয়ন্তী উপলক্ষে গত শনিবার রাতেই বাংলাদেশ ও ভারতের ৮ জন গুণী ব্যক্তিকে ‘সম্মাননা স্মারক’ দেওয়া হয়েছে। এঁরা হলেন তামান্না রহমান (মণিপুরি নৃত্যকলা), জ্যোতি সিনহা (বিষ্ণুপ্রিয়া মণিপুরি নাট্যকলা), গীতশ্রী চন্দ্রমোহন সিংহ (মণিপুরি নটসংকীর্তনের সংগীত), নবকুমার সিংহ (শিক্ষা), আশুতোষ সিংহ রবি (বিষ্ণুপ্রিয়া মণিপুরি আধুনিক সংগীত), লক্ষ্মীন্দ্রকুমার সিংহ (বিষ্ণুপ্রিয়া মণিপুরি কাব্যসাহিত্য), মণিলাল সিংহ (মরণোত্তর: সমাজ-সংগঠক) ও শক্তিকুমার সিংহ (চিত্রকলা)।
পৌরির সভাপতি সুকুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুশীল কুমার সিংহের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপচন্দ্র সিংহ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ।