পৌষমেলায় পিঠাপুলি, আনন্দগান

অবশেষে ঢাকায় শীত পড়া শুরু করেছে। গতকাল শুক্রবার সকালে নগরবাসীকে শীত তার উপস্থিতি জানান দিচ্ছিল। কুয়াশা জড়ানো সকালে যখন সূর্য আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন বাংলা একাডেমির সবুজ চত্বরে হঠাৎই সচকিত হলো চারপাশ...হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়...। শুরু হলো তিন দিনের পৌষ উৎসব।
নলেন গুড়ের পায়েস আর বিচিত্র পিঠাপুলির ম-ম গন্ধ পাওয়া যায় বাংলা একাডেমির চত্বরে প্রবেশ করতেই। সকালে শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর ‘শিউলি ফোটা ভোরে’ গানে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। এরপর ছিল স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের দলীয় পরিবেশনা। তারা পরিবেশন করে ‘মনে সাধ লয় যাইগো ফিরা আবার গাঁয়ে’ ও ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’। দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা। তারা গেয়ে শোনায় ‘আয় ছুটে আয়রে আয় ছুটে আয়রে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘ফিরে চল ফিরে চল মাটির টানে’, ‘এবার ধান কাটিব খচাখচ’।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় গতকাল সকাল সাড়ে আটটায়। আইলা জ্বালিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশব্যাপী ধর্মান্ধ-মৌলবাদী গোষ্ঠীর বিস্তার রোধ করতে ‘সাংস্কৃতিক আন্দোলন’ জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাঙালির জীবনে পৌষমেলার প্রভাব রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক সমাজ গঠনে আমাদের আদর্শের লড়াই চালিয়ে যেতে হবে।’ সাংস্কৃতিক উৎসবগুলো শুধু ঢাকাকেন্দ্রিক না হয়ে দেশব্যাপী ছড়িয়ে গেলে তাতে যুবসমাজের সম্পৃক্ততা বাড়বে বলেও মনে করেন তিনি।
পৌষমেলা উদ্যাপন পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘সংস্কৃতি বাঙালির মেরুদণ্ডের মতো, শক্ত এক ভিতের ওপর দাঁড়িয়ে আছে আমাদের সংস্কৃতি। আমরা এই উৎসবের মাধ্যমে প্রমাণ করতে চাই, এই বাংলাদেশ হিন্দু-মুসলমান-খ্রিষ্টান-বৌদ্ধ সবার।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
নজরুল মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন শাহাদাৎ হোসেন ও তামান্না তিথি। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র।
একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, মামুন জাহিদ খান। ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, ‘পৌষ পিঠা গুঁড়ি কোটা’ গানের সঙ্গে নৃত্যজন, ‘নাও ছাড়িয়া দে, পাল ওড়াইয়া দে’ গানের সঙ্গে ভাবনা সম্মেলক নৃত্য পরিবেশন করে। বিকেলে ছিল একক ও দলীয় পরিবেশনা।
বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ছিল দেশীয় পিঠাপুলির স্টল। এসব স্টলে দেখা মেলে বাংলার ঐতিহ্যবাহী পাটিসাপটা, তালবড়া, বিবিখানা, মেন্ডা, মোরা, ঝিনুক, দুধচিতই, জামাইপিঠা, বউপিঠা, ভাপাপিঠা, সিদ্ধপুলি, পাকন, খেজুরপিঠা, মালপোয়াসহ নানা স্বাদের পিঠা। শীতের জড়তা কাটিয়ে যাঁরা সাতসকালে এবং বিকেলে হাজির হয়েছিলেন বাংলা একাডেমিতে, আনন্দের উষ্ণতায় সময় কাটিয়েছেন তাঁরা।